Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৪ ১৪৩৩, সোমবার ০৯ নভেম্বর ২০২৬

সকালেই রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ, আ.লীগের মিছিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

সকালেই রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ, আ.লীগের মিছিল

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার রামপুরা, খিলগাঁও, তেজগাঁও, বাড্ডা ও ক্যান্টনমেন্টসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও মিছিলের খবর পাওয়া গেছে। রামপুরায় আওয়ামী লীগের মিছিল থেকে ৮-১০টি বিস্ফোরণের দাবি, পৃথক দুটি মামলা দায়েরের কথা জানিয়েছে পুলিশ।

সকাল শুরু হওয়ার পরপরই রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। কোথাও রাজনৈতিক মিছিল, কোথাও বিস্ফোরণের ভিডিও-সব মিলিয়ে সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রের দাবি, এসব কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। রামপুরা থানা আওয়ামী লীগের ব্যানারে বের হওয়া একটি মিছিলের নেতৃত্ব দেন থানা কমিটির আহ্বায়ক মোস্তাক আহমেদ। মিছিল চলাকালে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রামপুরা থানার ডিউটি অফিসার রিয়াজ জানান, সকালে আওয়ামী লীগের মিছিল হয়েছে এবং সেখান থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত ব্রিফিং করবেন।

খিলগাঁওয়েও একই ধরনের তৎপরতার খবর পাওয়া গেছে। আপন কফি শপের সামনে থেকে একটি মিছিল বের হওয়ার পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ভিডিও পাওয়া গেছে। যদিও খিলগাঁও থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে তখন পর্যন্ত তাঁর কাছে কোনো তথ্য পৌঁছায়নি।

বিস্ফোরণের খবর শুধু রামপুরা ও খিলগাঁওয়েই সীমাবদ্ধ ছিল না। তেজগাঁওয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনারের কার্যালয় এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মাটিকাটায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে, ক্যান্টনমেন্ট থানা এলাকায় এবং বাড্ডা পাসপোর্ট অফিসের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ তালিকায় রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক, সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটক এবং আফতাবনগর এলাকাও। ফলে রাজধানীর বিভিন্ন প্রান্তে একই সকালে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে।

এসব ঘটনার পর জনমনে আতঙ্ক তৈরি হলেও হতাহত কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রামপুরা থানার পক্ষ থেকে মামলার কথা জানানো হলেও রাজধানীর অন্যান্য এলাকার বিস্ফোরণ নিয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য তখনও পাওয়া যায়নি।

Walton
Walton