Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৪ ১৪৩৩, সোমবার ০৯ নভেম্বর ২০২৬

পাহাড়সম লক্ষ্য টপকে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

পাহাড়সম লক্ষ্য টপকে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশ

ছবি সংগৃহীত

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনের সকালে ৫৩ রান যোগ করে ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। হোয়াইটওয়াশ এড়াতে কঠিন পরীক্ষার মুখে মেহেদী মিরাজের দল।

সিলেট টেস্টের শেষ দিনে বাংলাদেশের সামনে এখন দুই কঠিন সমীকরণ-জয়ের জন্য ৩৬৯ রান তাড়া করা, অথবা হোয়াইটওয়াশ এড়াতে পুরো দিন ব্যাট করে ম্যাচ বাঁচানো। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণার পর স্বাগতিকদের হাতে জয়ের জন্য সর্বোচ্চ ৭৮ ওভার।

সোমবার (৯ নভেম্বর) শেষ দিনের সকালে মাত্র ১০ ওভার ব্যাট করেই ইনিংসের ইতি টানে সফরকারীরা। এই সময়ের মধ্যে নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ দুটি প্রান্ত থেকে চাপ তৈরি করে তিনটি উইকেট তুলে নেন। কিন্তু রান তোলার গতি কমায়নি ক্যারিবীয় ব্যাটাররা। যোগ করেন আরও ৫৩ রান।

শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেইস। তখন ক্রিজে অপরাজিত ছিলেন আমির জাঙ্গু ও জশুয়া বিশপ।

৭৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন জাঙ্গু। বিশপের ব্যাট থেকে আসে মাত্র ১১ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস। তাঁর ছোট্ট ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কা।

এই লক্ষ্য বাংলাদেশের জন্য যে কতটা কঠিন, তা বোঝা যাচ্ছে সিরিজের বর্তমান পরিস্থিতিতেই। প্রথম টেস্টে হারের পর দুই ম্যাচের সিরিজে ইতিমধ্যে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। এবার সিলেটেও পরাজয় এড়াতে না পারলে ঘরের মাঠেই হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিতে হবে বাংলাদেশকে।

জয়ের জন্য রান তোলার পাশাপাশি সময়ের সঙ্গেও লড়তে হবে ব্যাটারদের। আর ড্রয়ের পথ বেছে নিলে ৭৮ ওভার উইকেটে টিকে থাকার কঠিন দায়িত্ব নিতে হবে পুরো দলকে।

ম্যাচটি ড্র হলেও সিরিজের নিয়ন্ত্রণ থাকবে ওয়েস্ট ইন্ডিজের হাতে। ফলে শেষ দিনের প্রতিটি সেশনই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাটারদের দৃঢ়তা, উইকেটে টিকে থাকার সামর্থ্য এবং চাপ সামলানোর ক্ষমতার ওপর নির্ভর করছে সিলেট টেস্টের শেষ পরিণতি।

Walton
Walton