Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৪ ১৪৩৩, সোমবার ০৯ নভেম্বর ২০২৬

শীতের প্রথম ঝড়ে গাজায় ডুবল হাজারো তাঁবু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩১, ৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

শীতের প্রথম ঝড়ে গাজায় ডুবল হাজারো তাঁবু

গাজা সিটির আল-রিমাল এলাকায় ভারী বৃষ্টিপাতের মধ্যে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের প্লাবিত তাঁবুর বাইরে জমে থাকা পানি সরানোর চেষ্টা করছেন। ছবি সংগৃহীত

শীতের প্রথম বৃষ্টিতেই পানিতে ডুবেছে গাজার হাজার হাজার তাঁবু। রাতভর বৃষ্টিতে ঘরহারা মানুষের আশ্রয়স্থলগুলোতে পানি ঢুকে পড়েছে। বিছানাপত্র, কাপড়চোপড় ও শেষ সম্বলটুকু বাঁচাতে হিমশিম খাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তীব্র শীতের মুখে আশ্রয়ের সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে। ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলের বিধিনিষেধের কারণে তাঁবু, নির্মাণসামগ্রী ও শীত মোকাবিলার প্রয়োজনীয় উপকরণ গাজায় পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারছে না। ফলে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যোগ হয়েছে মানুষের তৈরি এক ভয়াবহ বিপর্যয়।

গত শনিবার (৭ নভেম্বর) গাজায় শীতের প্রথম বড় ঝড় আঘাত হানে। শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, মাত্র এক দিনেই প্রায় ৭০ হাজার তাঁবু বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। রাতভর পানিবন্দী শিবির থেকে পরিবারগুলোকে উদ্ধার করতে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগে (সিভিল ডিফেন্স) ১ হাজার ৫০০টির বেশি জরুরি ফোন আসে।

দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া সালমার (নিরাপত্তার কারণে নাম পরিবর্তন করা হয়েছে) রাত কেটেছে তাঁবুর ভেতরে পানি সামলাতে। বৃষ্টির পানি ঠেকাতে তাঁবুর ওপর কয়েক স্তর ত্রিপল বিছিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ওপর থেকে পানি চুইয়ে ভেতরে ঢুকেছে, জমেছে মেঝেতেও।

আরব নিউজকে সালমা বলেন, ‘আপনার তাঁবু যেমনই হোক না কেন, পানি ঠিকই ভেতরে ঢোকার পথ খুঁজে নেয়।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘গাজার মানুষের কথা কেউ ভাবে না। হয়তো বাইরে যাঁরা বিরক্ত, যাঁরা সময় কাটানোর জন্য কোনো দুঃখের গল্প পড়তে চান, তাঁদের কাছে এখনকার ঘটনাগুলো বিনোদনের বিষয় হয়ে উঠতে পারে।’

বারবার বাস্তুচ্যুত হওয়ার কারণে অনেক পরিবারের তাঁবু আগেই জীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টিতে সেগুলো আরও দুর্বল হয়ে গেছে। পানি থেকে বিছানা, কাপড় ও সামান্য জিনিসপত্র বাঁচাতে রাতভর ছোটাছুটি করতে হয়েছে মানুষকে। সামনে দীর্ঘ শীতের মৌসুম, অথচ ঠান্ডা থেকে বাঁচার মতো পর্যাপ্ত আশ্রয় নেই।

তাঁবুতেই চতুর্থ শীত কাটবে পাঁচ লাখের বেশি শিশুর
সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজার পাঁচ লাখের বেশি শিশুকে এবারও তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে চতুর্থ শীত কাটাতে হচ্ছে। তাপমাত্রা নেমে আসতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এমন পরিস্থিতিতে শীতের উপযোগী আশ্রয় ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বাধা থাকায় শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের বৈশ্বিক কৌশলগত প্রচার ও নীতিবিষয়ক প্রধান আলেকজান্দ্রা সাইয়েহ আরব নিউজকে বলেন, ‘আমরা যা দেখছি, পর্দায় যে দৃশ্যগুলো ভেসে উঠছে, তা মানুষের তৈরি এক বিপর্যয়।’

তিনি বলেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ পর্যাপ্ত তাঁবু প্রবেশ করতে দিচ্ছে না। শুধু তা-ই নয়, বিভিন্ন সামগ্রীর ওপর বিধিনিষেধ আরোপ করে পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজও আটকে রেখেছে।’

ফিলিস্তিন শেল্টার ক্লাস্টারের সাম্প্রতিক এক মূল্যায়নে দেখা গেছে, গাজার প্রায় ১২ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৫৮ শতাংশ, ‘সংকটজনক বা বিপর্যয়কর’ পরিস্থিতিতে বসবাস করছেন। তাঁদের মধ্যে ৫ লাখ ৬০ হাজারের বেশি শিশু।

মানুষের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, আবহাওয়ার প্রতিকূলতা এবং বারবার তাঁবু খুলে অন্য জায়গায় স্থাপন করার কারণে আশ্রয়স্থলগুলো ক্রমেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। সেখানে বসবাসকারীদের কাছে বৃষ্টির শব্দও এখন আতঙ্কের কারণ।

গাজা সিটির শিল্পী বাসেল আল-মাকুসুইয়ের কাছে বৃষ্টি একসময় আনন্দের উপলক্ষ ছিল। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর সেই অনুভূতি বদলে গেছে। এখন তাঁবুর ছাদে বৃষ্টির প্রথম ফোঁটা পড়লেই পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঝড়ের ক্ষয়ক্ষতির ভিডিও আরব নিউজকে পাঠিয়ে তিনি বলেন, ‘ছাদে বৃষ্টির প্রথম ফোঁটার টুপটাপ শব্দ এখন আর আনন্দ দেয় না। বরং আমাদের মনে উদ্বেগ তৈরি করে।’

তিনি আরও বলেন, ‘আমরা দ্রুত কোনো পাত্র, শুকনো কাপড় কিংবা তাঁবুর এমন একটি কোণ খুঁজতে থাকি, যেখানে এখনো পানি পৌঁছায়নি। এর মধ্যেই তিক্ত হাসি দিয়ে নিজেদের বলি, “এটাই যদি মহড়ার দৃশ্য হয়, তাহলে আসল প্রদর্শনীতে কী হবে?”’

সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ধরনের দুর্ভোগের ছবি প্রকাশ করেছেন অনেকে। ওম হামদি আলইয়াজজি ইনস্টাগ্রামে নিজের বসবাসের শিবির ও তাঁবুর ভেতরের ভিডিও প্রকাশ করে পরিস্থিতিকে ‘সত্যিই করুণ’ বলে বর্ণনা করেছেন। তাঁবুর পরিবর্তে মানুষের জন্য মোবাইল হোম বা স্থানান্তরযোগ্য ছোট ঘরের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, ‘বাড়িঘর হারানোর পর মানুষ অনেক কষ্ট সহ্য করেছে। আমরাও তাদেরই একজন।’

ঘর আছে, কিন্তু বৃষ্টির পানি ঠেকানোর উপায় নেই
শুধু তাঁবুতে থাকা মানুষই নন, গাজার যেসব পরিবার নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়ির অবশিষ্ট অংশে আশ্রয় নিয়েছে, তাদেরও বৃষ্টির সঙ্গে লড়াই করতে হচ্ছে।

মধ্য গাজার শিল্পী ও মা মাইসা ইউসুফ জানান, বাইরে থেকে তাঁর বাড়ি দেখতে মোটামুটি ঠিকঠাক মনে হলেও ভেতরের অবস্থা ভয়াবহ। বাড়িটির পেছনের অংশে হামলা চালানো হয়েছিল। সেখানে আগুনে সব পুড়ে গেছে। দেয়ালগুলোও একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

আরব নিউজকে তিনি বলেন, ‘সামনের দিকটা দেখতে ঠিক আছে, কোনো সমস্যা বোঝা যায় না। কিন্তু পেছনের অংশে আঘাত করা হয়েছে এবং পুরোটা পুড়ে গেছে। দেয়ালগুলো একে অপরের কাছ থেকে সরে যাচ্ছে।’

সেদিন সকাল ছয়টা থেকেই তাঁকে ঘরের ভেতরে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করতে হয়েছে। রোদে জায়গাটি পুরোপুরি না শুকানো পর্যন্ত তাঁর শিল্পকর্মের কর্মশালা বন্ধ রাখতে হবে। স্টুডিওতে খোলা অবস্থায় থাকা বিভিন্ন উপকরণও নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বাড়ির জানালাগুলোতে আর কাচ নেই। প্রতিনিয়ত সেগুলো মেরামত করতে হয়। প্রতি মৌসুমে ত্রিপলও নষ্ট হয়ে যায়। নতুন ত্রিপল কেনার খরচ এখন অনেক বেড়েছে। ইউসুফ জানান, আগে একটি ত্রিপলের দাম ছিল ২৫ শেকেল বা প্রায় ৮ ডলার। এখন তা বেড়ে ১২০ শেকেল হয়েছে। কখনো কখনো বাজারে ত্রিপল একেবারেই পাওয়া যায় না।

তিনি বলেন, ‘ঠান্ডা আর বৃষ্টি থেকে বাঁচতে আমাদের তো এগুলো কিনতেই হয়। অন্য কোনো উপায় নেই।’

নির্মাণসামগ্রীর অভাবে বাড়িঘর মেরামত করাও কঠিন হয়ে পড়েছে। ইউসুফ জানান, মানুষ ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে কাজে লাগানোর মতো জিনিস খুঁজছেন। ধসে পড়ার ঝুঁকিতে থাকা দেয়াল ঠেকিয়ে রাখতে কেউ কেউ সেখান থেকে কংক্রিটের স্তম্ভও সংগ্রহ করছেন।

ত্রাণ ও নির্মাণসামগ্রী প্রবেশে বাধার অভিযোগ
সাহায্য সংস্থাগুলোর অভিযোগ, প্রয়োজনীয় সরঞ্জাম ও নির্মাণসামগ্রী প্রবেশে বিধিনিষেধ থাকায় গাজার মানুষ নিজেদের আশ্রয়স্থলটুকুও মেরামত করতে পারছেন না।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ পূর্বনির্মিত ঘর বা প্রিফ্যাব্রিকেটেড আশ্রয়কেন্দ্র প্রবেশ করতে দিচ্ছে না। তাঁবু, ত্রিপল, কম্বল, জ্বালানি এবং ক্ষতিগ্রস্ত ভবন মেরামতের প্রয়োজনীয় উপকরণ প্রবেশেও বাধা রয়েছে। সংস্থাটির দাবি, এক বছরেরও বেশি আগে ঘোষিত যুদ্ধবিরতির শর্তে তাঁবুর তুলনায় বেশি টেকসই বিকল্প হিসেবে ক্যারাভান বা স্থানান্তরযোগ্য ঘর গাজায় প্রবেশের কথা ছিল।

সেভ দ্য চিলড্রেনের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপবিষয়ক আঞ্চলিক পরিচালক আহমাদ আলহিন্দাওয়ি বলেন, ‘এটি শুধু খারাপ আবহাওয়ার কারণে তৈরি হওয়া পরিস্থিতি নয়।’

তিনি বলেন, ‘তাঁবু, আশ্রয়কেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জাম ও জ্বালানি গাজার সীমান্তে পড়ে আছে। অথচ ইসরায়েলি কর্তৃপক্ষ সেগুলো প্রবেশ করতে না দেওয়ায় শিশুরা বৃষ্টির পানির মধ্যে ঘুমাচ্ছে। এটি একটি সচেতন সিদ্ধান্ত, আর এর মূল্য দিতে হচ্ছে শিশুদের।’

ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের হিসাব অনুযায়ী, গাজার প্রায় ২০ লাখ মানুষের আশ্রয় সহায়তা প্রয়োজন। ইসরায়েলি হামলায় উপত্যকার অধিকাংশ বাড়িঘর ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৫ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি অভিযোগ করে, ইসরায়েল আশ্রয় ও ঘরবাড়ি মেরামতের সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে। একই সঙ্গে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার পথও বন্ধ করে রেখেছে।

সংস্থাটির মতে, এসব বিধিনিষেধের কারণে হাজার হাজার পরিবারকে আরেকটি শীত জীর্ণ তাঁবু কিংবা ধসে পড়ার ঝুঁকিতে থাকা ক্ষতিগ্রস্ত ভবনে কাটাতে হচ্ছে।

বিবিসির রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক কাজে ব্যবহার করা যেতে পারে-এমন পণ্য গাজায় প্রবেশে ইসরায়েল বিধিনিষেধ আরোপ করে থাকে।

শনিবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হামাসও আশ্রয়কেন্দ্র ও নির্মাণসামগ্রী প্রবেশে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

তবে ইসরায়েলের শীতকালীন প্রস্তুতি নিয়ে সমালোচনা প্রত্যাখ্যান করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। রোববার জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, তাঁদের দাবি, গাজায় ৯১ হাজার নতুন তাঁবু, পানি প্রতিরোধী ত্রিপল এবং পোশাক ও কম্বলবোঝাই ৯ হাজার ট্রাক পাঠানো হয়েছে।

তবে হামাস নিরস্ত্র না হওয়া এবং গাজা সামরিকীকরণমুক্ত না হওয়া পর্যন্ত সেখানে মোবাইল হোম কিংবা ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের সরঞ্জাম প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।

বৃষ্টির পানির সঙ্গে মিশছে পয়োবর্জ্য, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বন্যার পানি শুধু মানুষের আশ্রয় ও ব্যক্তিগত জিনিসপত্রের ক্ষতি করছে না, বাড়াচ্ছে জনস্বাস্থ্যের ঝুঁকিও।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ সতর্ক করেছে, গাজা সিটির শেখ রাদওয়ান পুকুরে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বৃষ্টির পানির সঙ্গে পয়োবর্জ্য মিশে আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, পুকুরটির ক্ষতিগ্রস্ত পানি নিষ্কাশন ও পাম্পিং ব্যবস্থা অতিরিক্ত পানির চাপ সামলাতে পারছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম নির্বিঘ্নে গাজায় প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী, গাজাজুড়ে ৪ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ এমন সব অস্থায়ী আশ্রয়শিবিরে বসবাস করছেন, যেগুলো বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে আল-মাওয়াসি, দেইর আল-বালাহ, গাজা সিটি, উত্তর গাজা ও রাফাহ।

সংস্থাটি আরও জানিয়েছে, গত বছর শীতজনিত হাইপোথার্মিয়ায় অন্তত ১১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়।

আলহিন্দাওয়ি বলেন, ‘এই মৃত্যুগুলো সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব ছিল। দখলদার শক্তি হিসেবে বেসামরিক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করার আইনি দায়িত্ব ইসরায়েলের রয়েছে।’

শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়েও বিপদে পরিবারগুলো
গাজার মানুষের কাছে শীত মোকাবিলা করাও এখন নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিন শেল্টার ক্লাস্টারের মূল্যায়নে অংশ নেওয়া প্রায় অর্ধেক পরিবার জানিয়েছে, রান্নার কাজে তারা প্লাস্টিক, পুরোনো টায়ার, আবর্জনা কিংবা কার্ডবোর্ড পুড়িয়ে থাকে।

এ ছাড়া ৮৪ শতাংশ পরিবার জানিয়েছে, তাদের আশ্রয়কেন্দ্রে ঠান্ডা থেকে বাঁচার কার্যকর কোনো ব্যবস্থা নেই।

সেভ দ্য চিলড্রেন সতর্ক করেছে, ঘনবসতিপূর্ণ ও বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা নেই-এমন তাঁবুতে প্লাস্টিক, টায়ার ও আবর্জনা পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া তৈরি হচ্ছে। এতে শিশুদের শ্বাসকষ্ট, আগুনে পুড়ে যাওয়া এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে।

অর্থের অভাবও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। শীতকালীন প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ২৮ কোটি ৩০ লাখ ডলারের মধ্যে ৬০ শতাংশ অর্থ এখনো সংগ্রহ করা যায়নি বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির হিসাবে, গাজার ১০ লাখের বেশি মানুষের শীতের পোশাক প্রয়োজন। অথচ বর্তমানে যে পরিমাণ পোশাক সরবরাহের ব্যবস্থা রয়েছে, তা মোট চাহিদার মাত্র ১ শতাংশ পূরণ করতে পারবে।

মাইসা ইউসুফের কাছে শীত এখন আর আগের মতো আনন্দের ঋতু নয়। একসময় শীতের অপেক্ষায় থাকতেন তিনি। পরিবারের সঙ্গে বারবিকিউ, গরম পানীয় আর আরামদায়ক উষ্ণতায় সময় কাটানোর পরিকল্পনা করতেন। যুদ্ধের পর সেই স্মৃতি এখন শুধুই অতীত।

ইউসুফ বলেন, ‘প্রতিবছর শীতের আরামদায়ক উষ্ণতা, বারবিকিউ আর গরম পানীয়ের জন্য অপেক্ষা করতাম। এখন শীত মানেই কষ্ট। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে আমি আর উষ্ণতা অনুভব করিনি।’
সূত্র: আরব নিউজ

Walton
Walton