রাজধানীর বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার ( ৮ নভেম্বর) সন্ধার পর থেকে এসব ঘটনায় তিন জনতে আটক করা হয়েছে।
এদিন, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সরেজমিনে সিআইডি কার্যালয়ে দেখা যায়, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছেন।
এদিকে, এদিন প্রায় একই সময় পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন।
জানা যায়, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয়ধারী দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন। তবে, এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।
অন্যদিকে, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের মধ্যে রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুরে, সোহেল রানার বাড়ি রাজশাহীর পুঠিয়ায় এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।




