দৃশ্যম ৩: দ্বিতীয় সপ্তাহেই বক্স অফিসে বাজিমাত
বিনোদন ডেস্ক
রূপালী পর্দায় আবারও নিজের মুন্সিয়ানা দেখিয়ে ইতিহাস গড়লেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। তার বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি ছবি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ভারতের বক্স অফিসে ৩০০ কোটির ঘর অতিক্রম করেছে। এর মধ্য দিয়ে এটি অজয় দেবগণের অভিনয় জীবনের সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়েছে।
বক্স অফিসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, মুক্তির দশম দিনে ১৪ হাজার ৮৭২টি শোতে ছবিটি ২২.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এর ফলে ভারতে ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩৭০.৮০ কোটি টাকা।
অন্যদিকে, বিদেশের বাজারে দশম দিনে ছবিটির আয় ছিল ৬ কোটি টাকা, যা নিয়ে বিদেশের মোট আয় পৌঁছাল ১০৯.০০ কোটি টাকায়। সব মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ এখন দাঁড়িয়েছে ৪৭৯.৮০ কোটি টাকায়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৬ সালে চতুর্থ হিন্দি ছবি হিসেবে এটি তিনশো কোটির ক্লাবে প্রবেশ করল, যা এর আগে অর্জন করেছিল ‘ধুরন্ধর ২’, ‘বর্ডার ২’ এবং ‘হনুমান অংশ’-এর মতো ছবিগুলো। এটি অজয় দেবগণের ক্যারিয়ারের প্রথম ছবি যা ৩০০ কোটির ঘরে প্রবেশ করল এবং এটিই তার এ পর্যন্ত সর্বাধিক আয়কারী চলচ্চিত্র।
এর আগে অভিনেতার ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিটির ভারতের বক্স অফিসে বিশ্বব্যাপী লাইফটাইম নেট কালেকশন ছিল ৩৬৭.৬৫ কোটি রুপি।
সমালোচকদের মতে, ছবিটিতে অজয় দেবগণের পাশাপাশি জয়দীপ আহলাওয়াতের অভিনয় দর্শকের মনে ধরেছে। এনডিটিভির জন্য লেখা তার রিভিউতে চলচ্চিত্র সমালোচক শৈবাল চ্যাটার্জি লিখেছেন, ‘অজয় দেবগণের জন্য সিনেমা হলে যান এবং জয়দীপ আহলাওয়াতের অভিনয়ের টানে বসে থাকুন।’
অভিষেক পাঠকের পরিচালনায় এবং প্যানোরামা স্টুডিও ও স্টার স্টুডিওর প্রযোজনায় নির্মিত এই ছবিটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দৃশ্যম ২’-এর সিক্যুয়েল। তবে পূর্বের সিক্যুয়েলগুলোর মতো এটি সরাসরি মালয়ালম সংস্করণের সঙ্গে যুক্ত নয়, বরং এর গল্প সম্পূর্ণ মৌলিক। ছবিটিতে অজয় দেবগণ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত। ২০১৫ সালের ৩১ জুলাই এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল।




