Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৭ ১৪৩৩, বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

মঞ্চনাটক, চিত্রপ্রদর্শনী ও গানে বীরকন্যা প্রীতিলতাকে স্মরণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

মঞ্চনাটক, চিত্রপ্রদর্শনী ও গানে বীরকন্যা প্রীতিলতাকে স্মরণ

মঞ্চনাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-ছবি: বহুমাত্রিক.কম

মঞ্চনাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’, শিশুদের চিত্রপ্রদর্শনী ও জাগরণমূলক গানে স্মরণ করা হলো চট্টগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়। ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন এর সহযোগিতায় ঢাকা পদাতিক এই আয়োজন করে।

প্রথমেই তপোবন এর শিল্পীরা জাগরণমূলক গান পরিবেশন করেন। ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) গোকুল ভি. কে.। 

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, ‘প্রীতিলতা ওয়াদ্দেদার তাঁর সময়েও নারীদের জন্য অনুপ্রেরণা ছিলেন, বর্তমানের নারীদের জন্যও অনুপ্রেরণা এবং ভবিষ্যতের নারীদের জন্য অনুপ্রেরণা। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর মহান আত্মত্যাগ সর্বভারতীয় স্তরে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।’ 

স্বাগত বক্তব্যের পর মঞ্চায়িত হয় ‘ট্রায়াল অব সূর্যসেন’। ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। এবারের আয়োজনটি নাটকটির ৪৭তম মঞ্চায়ন। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নাটকটির গল্প নির্মিত।

বক্তব্য রাখছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) গোকুল ভি. কে. 

ট্রায়াল অব সূর্যসেন’ মঞ্চায়নের পর চিত্রাঙ্কনে অংশ নেওয়া সাংস্কৃতিক বিদ্যালয় বাতিঘর ও তপোবনের শিক্ষার্থীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন বিশিষ্ট অভিনেতা রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি এবং ভারতীয় হাই কমিশন, ঢাকার প্রথম সচিব (প্রেস) গোকুল ভি. কে.। অতিথিরা সংগীত শিল্পী ও নাট্যদল ঢাকা পদাতিকের শিল্পীদেরকেও উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়। এসময় ইতিহাস ও ঐতিহ্য পরিষদের পক্ষ থেকে ঢাকা পদাতিককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। স্মারক গ্রহণ করেন ঢাকা পদাতিকের কর্ণধার অভিনেতা নাদের চৌধুরী। 

উল্লেখ্য, নাটকটি রচনা ও মূল নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। প্রয়োজন অনুযায়ী নাটকের কিছু অংশে অলংকরণ ও মঞ্চপরিকল্পনায় পরিবর্তনও এনেছেন তিনি। নাটকে মাস্টারদা সূর্যসেন চরিত্রেও অভিনয় করছেন নাদের চৌধুরী।

নাদের চৌধুরী বলেন, ‘ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ ভাই। তার প্রয়াণের পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি করেছি। ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের অবশ্যই দেখা উচিত।’

সংগীত পরিবেশন করছেন তপোবন এর শিল্পীরা

প্রায় ৪০টি চরিত্র নিয়ে নির্মিত নাটকটির উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে রয়েছেন সূর্যসেন, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিল। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল ইসলাম মিলটন, শাহনাজ পারভীন জয়া, তারেক আলী মিলনসহ অনেকে। নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন জাকারিয়া কিরণ, সংগীত পরিচালনায় আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন শ্যামল হাসান।

২০১৮ সালের ১৮ জানুয়ারি ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতের দিল্লিতেও নাটকটির দুটি আন্তর্জাতিক প্রদর্শনী হয়েছে। আয়োজকদের দাবি, দেশ-বিদেশে একাধিক মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

দর্শকসারিতে অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, ভারতীয় কুটনীতিক গোকুল ভি. কে-সহ অন্যরা

মিলনায়তনের প্রবেশপথে প্রদর্শিত হবে ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা প্রীতিলতা ওয়াদ্দেদার, চট্টগ্রাম যুববিদ্রোহ, জালালাবাদ পাহাড় ও ধলঘাট খণ্ডযুদ্ধের ছবি। পাশাপাশি চট্টগ্রামের এসব আন্দোলন ও যুদ্ধে শহীদ বিপ্লবীদের ছবি এবং ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিভিন্ন প্রদর্শনীর প্রামাণ্যচিত্রও দেখানো হবে। এই আয়োজনে দর্শকদের জন্য কোনো টিকিট রাখা হয়নি।

Walton
Walton