ছবি সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের সমাধিস্থলে পৌঁছান তিনি। পুষ্পস্তবক অর্পণের পর দুই নেতার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী।
এই শ্রদ্ধা নিবেদনের সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
মন্ত্রিসভার সদস্যদের মধ্যে যোগ দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং সমাজকল্যাণ ও নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
আরও ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনারও সেখানে যোগ দেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে দুই নেতার সমাধিতে প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।




