ছবি সংগৃহীত
পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি ঘিরে রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিএনপি সাত দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করার কর্মসূচি রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী বক্তব্য দেবেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে অংশ নেবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দেশের অধিকাংশ জেলা ও মহানগরেও দিবসটি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকার কর্মসূচিতে কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে।
দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও নিজস্ব উদ্যোগে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন করছে। বিএনপির ঘোষিত সাত দিনের কর্মসূচি চলবে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত।
দিবসটি উপলক্ষে যানবাহন চালকদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহন চলাচল করতে পারবে বিনা টোলে। সেতু কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে ছয় ঘণ্টার এই টোলমুক্ত সুবিধার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের কোনো টোল পরিশোধ করতে হবে না।




