বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।ছবি সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তিকে নিজেদের রাজনৈতিক বলয়ে ফিরিয়ে আনার চেষ্টা কিংবা এ কাজে মদদ দেওয়ার প্রমাণ মিললে জনগণ তা ক্ষমা করবে না।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতারা। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন রিজভী।
৭ নভেম্বরের চেতনাকে গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা হিসেবে বর্ণনা করেন তিনি। তাঁর বক্তব্য, দেশের সংকটময় সময়ে এই চেতনাই জাতিকে বারবার ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।
রিজভীর ভাষ্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই মানুষ ওই আন্দোলনে অংশ নিয়েছিল। পরবর্তী সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তাঁর দাবি, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় এলে এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দুই-তিন দিনের মধ্যেই এসব কর্মসূচির কাজ শুরু করেছেন বলেও দাবি করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে ককটেল ও বোমা বিস্ফোরণের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন এই নেতা। তাঁর দাবি, প্রতিবেশী দেশ থেকে নির্দেশনা পেয়ে এখানে অর্থায়নের মাধ্যমে কিছু ব্যক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে। এসব অপতৎপরতা মোকাবিলায় জনগণ যথাযথভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সরকারও এ বিষয়ে প্রস্তুত রয়েছে।
রাজনৈতিক অঙ্গনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টার বিরুদ্ধেও সতর্কবার্তা দেন তিনি। কোনো রাজনৈতিক দল বা পক্ষের নাম উল্লেখ না করে রিজভীর বক্তব্য, পতিত ফ্যাসিস্ট শক্তিকে নিজেদের আঙিনায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় কারও মদদ থাকলে জনগণ সেটিও পর্যবেক্ষণ করছে এবং ক্ষমা করবে না।




