Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২২ ১৪৩৩, শনিবার ০৭ নভেম্বর ২০২৬

বায়ুদূষণে দিল্লি-লাহোরের পরই ঢাকা, আইকিউএয়ারের তথ্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

বায়ুদূষণে দিল্লি-লাহোরের পরই ঢাকা, আইকিউএয়ারের তথ্য

ছবি সংগৃহীত

রাজধানীর বাতাসে দূষণের মাত্রা আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ঢাকা। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৬, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। একই সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের রাজধানী দিল্লি।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৭৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের দূষণ নির্দেশ করে। ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের কলকাতা এবং ১৬৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

দূষণের মাত্রা ১৫১ থেকে ২০০-এর মধ্যে পৌঁছালে বাতাস সাধারণভাবে অস্বাস্থ্যকর হয়ে ওঠে। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

ঢাকার ১৯৬ স্কোর অর্থাৎ শহরটির বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্কতা প্রয়োজন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বায়ুদূষণ বেশি থাকলে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করা উচিত। পাশাপাশি অন্যদেরও অপ্রয়োজনীয় বাইরের কার্যক্রম ও দীর্ঘ সময় খোলা পরিবেশে থাকা সীমিত রাখা প্রয়োজন।

Walton
Walton