ডা. শফিকুর রহমান, ছবি সংগৃহীত
আবাসন সংকট নিরসন ও হলের আসন পুনর্বহালের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নারী শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে বলপ্রয়োগের বিষয়টিও তাঁর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে? এটা দেখার এই দেশে কেউ কি নেই?’
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন আচরণকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন জামায়াত আমির।
তাঁর ভাষ্য অনুযায়ী, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকটের সমাধান এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। এসব দাবির বিষয়ে ছাত্রীদের সঙ্গে আলোচনায় না গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বলপ্রয়োগের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ করে নারী শিক্ষার্থীদের হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ এবং লাঠিচার্জের বিষয়টি আলাদাভাবে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তাঁর প্রশ্ন, দেশে সরকার পরিচালনার কোনো কার্যকর ব্যবস্থা আদৌ রয়েছে কি না।
পোস্টে ডা. শফিকুর রহমান ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণের আহ্বান জানান তিনি।




