Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৫ ১৪৩৩, মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে ঢাকায় নানা আয়োজন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে ঢাকায় নানা আয়োজন

ছবি: সংগৃহীত

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে মঞ্চনাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে নাট্যদল ঢাকা পদাতিক। একই আয়োজনে থাকছে জাগরণমূলক সংগীতানুষ্ঠান ও শিশুদের আঁকা ঐতিহাসিক নানা ঘটনার চিত্রপ্রদর্শনী।

আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হবে। ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন এ আয়োজনে সহযোগিতা করছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান শুরুর আগে সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবনের শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করবেন। মিলনায়তনের প্রবেশপথে প্রদর্শিত হবে ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা প্রীতিলতা ওয়াদ্দেদার, চট্টগ্রাম যুববিদ্রোহ, জালালাবাদ পাহাড় ও ধলঘাট খণ্ডযুদ্ধের ছবি। পাশাপাশি চট্টগ্রামের এসব আন্দোলন ও যুদ্ধে শহীদ বিপ্লবীদের ছবি এবং ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিভিন্ন প্রদর্শনীর প্রামাণ্যচিত্রও দেখানো হবে।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর মঞ্চায়িত হবে ‘ট্রায়াল অব সূর্যসেন’। দর্শকদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত রাখা হয়েছে; এ জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।

ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। এবারের আয়োজনটি নাটকটির ৪৭তম মঞ্চায়ন। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নাটকটির গল্প নির্মিত।

নাটকটি রচনা ও মূল নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। প্রয়োজন অনুযায়ী নাটকের কিছু অংশে অলংকরণ ও মঞ্চপরিকল্পনায় পরিবর্তনও এনেছেন তিনি। নাটকে মাস্টারদা সূর্যসেন চরিত্রেও অভিনয় করছেন নাদের চৌধুরী।

নাদের চৌধুরী বলেন, ‘ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ ভাই। তার প্রয়াণের পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি করেছি। ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের অবশ্যই দেখা উচিত।’

প্রায় ৪০টি চরিত্র নিয়ে নির্মিত নাটকটির উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে রয়েছেন সূর্যসেন, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিল। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল ইসলাম মিলটন, শাহনাজ পারভীন জয়া, তারেক আলী মিলনসহ অনেকে। নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন জাকারিয়া কিরণ, সংগীত পরিচালনায় আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন শ্যামল হাসান।

২০১৮ সালের ১৮ জানুয়ারি ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতের দিল্লিতেও নাটকটির দুটি আন্তর্জাতিক প্রদর্শনী হয়েছে। আয়োজকদের দাবি, দেশ-বিদেশে একাধিক মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

Walton
Walton