ইরানের ওপর স্থল অবরোধ আরোপ
ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধের পর এখন স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ শনিবার (৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তথ্য অনুযায়ী, স্থল অবরোধ আরোপের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে। যারমাধ্যমে স্থলপথ ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানি বাহিনীর আধুনিক অস্ত্র ও নিষেধাজ্ঞা পাওয়া পণ্য সরবরাহ ঠেকানোর চেষ্টা বৃদ্ধি করা হবে।
জানা যায়, এই টাস্কফোর্সের নাম হবে ‘আয়রন গেট’। যা ফ্লোরিডার টাম্পাভিত্তিক হবে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অস্ত্র সরবরাহ ঠেকানোর পাশাপাশি দ্বৈত ব্যবহার এবং ইরান অর্থ আয় করে এমন পণ্যের ওপরও নজর দেওয়া হবে।
এদিকে সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী, তাদের নৌ-অবরোধ ইরানের ২৫ বিলিয়ন ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি ঠেকিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০ দিন হামলা ও পাল্টা হামলা চলে। পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে ইরানি ও মার্কিনিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। তবে এটি বাস্তবিকভাবে কার্যকর হয়নি। যদিও এখন দুই দেশ হামলা থেকে বিরত আছে।
জুনের ওই যুদ্ধবিরতি হওয়ার পরই ইরানের নৌবন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। যা এখনো চলমান আছে।




