Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৮ ১৪৩৩, রোববার ০৪ অক্টোবর ২০২৬

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা ও মেজবাউর

প্রকাশিত: ২২:০৬, ৪ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা ও মেজবাউর

মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

সাংস্কৃতিক প্রতিবেদক

এ বছর ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র সাংবাদিকতায় মাহমুদা চৌধুরী ও চলচ্চিত্র পরিচালনায় নির্মাতা মেজবাউর রহমান সুমন। রোববার চ্যানেল আই থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠানের মাধ্যমে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। দুজনের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র ও ক্রেস্ট।
মাহমুদা চৌধুরী ১৯৭৮ সালে ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতার জগতে পথচলা শুরু করেন মাহমুদা চৌধুরী। এরপর অধুনালুপ্ত বিচিত্রায় প্রায় দেড় দশক কাজ করার পর যোগ দেন দৈনিক দিনকালে।

সাংবাদিকতার পাশাপাশি দুটি বইও লিখেছেন মাহমুদা চৌধুরী। বইগুলো হলো- বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত মাহমুদা চৌধুরীর গবেষণাগ্রন্থ ‘জহির রায়হানের চলচ্চিত্র: সমাজ ভাবনা’, ও ‘নারী: অর্ধেক পৃথিবী’।

বহু টিভি ফিকশন ও বিজ্ঞাপন বানিয়ে পরিচিতি পেলেও প্রথম সিনেমা নির্মাণেই নিজের দক্ষতার প্রমাণ রাখেন মেজবাউর রহমান সুমন। তার প্রথম মুক্তি পাওয়া সিনেমা ‘হাওয়া’ বক্স অফিসে তুমুল সফলতা পায়। দেশের বাইরেও হুমড়ি খেয়ে ‘হাওয়া’ দেখে মানুষ। চলতি বছরে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’, যথারীতি দর্শকদের ভীষণ প্রশংসা পায় সিনেমাটি। মুক্তির আগে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগেও লড়াই করে ‘রইদ’।

মেজবাউর রহমান সুমন বর্তমানে ‘রইদ’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে সফর করছেন। এরইমধ্যে সদ্য বাংলাদেশ অস্কার কমিটি নিশ্চিত করেছে যে, আসন্ন ৯৯তম অস্কারে ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সুমনের ‘রইদ’।

উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং শিশুতোষ চলচ্চিত্র পরিচালক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর। প্রতি বছরের মতো এবারও ফজলুল হক স্মৃতি কমিটি তার নামে পুরস্কার প্রদান করবে। ফজলুল হক স্মরণে ফজলুল হক স্মৃতি কমিটি ২০০৪ সাল থেকে প্রতিবছরই দুজনকে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করে আসছে। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেন।

Walton
Walton