Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩, রোববার ২২ নভেম্বর ২০২৬

শতাধিক গুম-খুনের মামলা, আজ জিয়াউলের পক্ষে সাক্ষ্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ২২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

শতাধিক গুম-খুনের মামলা, আজ জিয়াউলের পক্ষে সাক্ষ্য

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য দেবেন একজন সাক্ষী। রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর পক্ষে এই সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম চলবে।

নিরাপত্তার কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত থাকবেন না জিয়াউল আহসান। তিনি ভার্চুয়ালি হাজির হবেন।

তবে তাঁর পক্ষে কে সাফাই সাক্ষ্য দেবেন, তা এখনো প্রকাশ করেনি আসামিপক্ষ। প্রসিকিউশনের অভিযোগ, সময়ক্ষেপণের উদ্দেশ্যেই সাক্ষীর নাম গোপন রাখা হয়েছে। যদিও আইন অনুযায়ী সাক্ষীর নাম দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এ মামলায় প্রসিকিউশনের ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার পর আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৯ নভেম্বর তাঁর জেরা শেষ হয়। এর মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণও শেষ হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। সেখানে জিয়াউল আহসানের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ধরেন তিনি।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর সেগুলোকে বৈধতা দিতে লোকদেখানো প্রশাসনিক তদন্ত করা হতো। প্রকৃত অপরাধীদের আড়াল করতে এসব তদন্ত নিয়ন্ত্রণ করা হতো বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি।

রফিকুল ইসলাম আরও বলেন, প্রকৃত মৃত্যুর কারণ গোপন করে মিথ্যা ও ভুল ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশ প্রতিবেদন তৈরি করতে কর্মকর্তাদের বাধ্য করা হতো। এসব প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত অপরাধীদের রক্ষা করার চেষ্টা করা হয়েছিল বলে তাঁর অভিযোগ।

জবানবন্দির পর টানা কয়েক দিন তদন্ত কর্মকর্তাকে জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। আসামিপক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান, নাজনীন নাহারসহ একটি প্যানেল। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।

মামলায় তিনটি অভিযোগ

জিয়াউল আহসানের বিরুদ্ধে এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতের। অভিযোগ অনুযায়ী, ওই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগেও একই সময়ে ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের দাবি, তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব অভিযোগে করা মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

Walton
Walton