Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৭ ১৪৩৩, বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

শাপলা চত্বর গণহত্যা মামলা, আজ গুরুত্বপূর্ণ শুনানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫০, ১২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

শাপলা চত্বর গণহত্যা মামলা, আজ গুরুত্বপূর্ণ শুনানি

ছবি সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় আজ গুরুত্বপূর্ণ দিন। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলায় গ্রেপ্তার ১১ আসামির একজন, সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে সেদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এ কারণে শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয় ১২ নভেম্বর।

গ্রেপ্তার রয়েছেন যাঁরা

মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী।

এ ছাড়া গ্রেপ্তারদের তালিকায় রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, সাংবাদিক ফারজানা রুপা এবং সাবেক আইজিপি একেএম শহীদুল হক।

পলাতক আসামির তালিকায় সাবেক শীর্ষ কর্মকর্তারা

শেখ হাসিনাসহ মামলার অন্য আসামিদের একটি বড় অংশ পলাতক। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক।

এ তালিকায় আরও রয়েছেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার।

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমানের নামও রয়েছে আসামির তালিকায়।

এ ছাড়া সাবেক র‍্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন ও মনিরুল ইসলামসহ ঢাকা মহানগর পুলিশের একাধিক সাবেক কর্মকর্তা এ মামলার আসামি।

আত্মসমর্পণের নির্দেশ, পরে পলাতক ঘোষণা

মামলার নথি অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ নিয়েও তাঁদের পাওয়া যায়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট জমা দেয়।

পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ জনকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। তাঁদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশও দেওয়া হয়।

এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং কারাগারে থাকা আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়।

দুটি অভিযোগে হত্যাকাণ্ডের বিবরণ

মামলায় মোট দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ রয়েছে।

আজকের শুনানিতে এসব অভিযোগের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনাল কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রয়েছে বিচারপ্রক্রিয়াসংশ্লিষ্টদের।

Walton
Walton