Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৬ ১৪৩৩, বুধবার ১১ নভেম্বর ২০২৬

ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ১১ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ছবি সংগৃহীত

শিরোপা ধরে রাখার অভিযানে এবার বাংলাদেশের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ফাইনালের টিকিট পেতে বৃহস্পতিবার মাঠে নামবে দুই দলের যুবারা। টুর্নামেন্টের শুরুতে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শুরুটা ভালো না হলেও পরের দুই ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে জুনিয়র টাইগাররা। শ্রীলঙ্কাকে হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।

তিন ম্যাচে দুটি জয় নিয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। এতে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা পেয়েছে বাংলাদেশ। একই গ্রুপে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ছয় পয়েন্টে শীর্ষস্থান দখল করেছে আফগানিস্তান।

অন্যদিকে ‘এ’ গ্রুপে দাপট দেখিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১০ নভেম্বর) ওমানের আল আমেরাত গ্রাউন্ডে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপসেরা হয় তারা। তিন ম্যাচের সবকটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান।

এই গ্রুপ থেকে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে দলটি।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও আফগানিস্তান।

দুই সেমিফাইনালের জয়ী দল আগামী ১৪ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

আফগানিস্তানের বিপক্ষে হারের পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, তাতে ফাইনালের স্বপ্ন দেখছেন সমর্থকেরা। কিন্তু সেই স্বপ্ন পূরণে এবার পার করতে হবে পাকিস্তানের বাধা।

Walton
Walton