Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

চলে গেলেন আবাহনীর ‘হারুন ভাই’, ক্রীড়াঙ্গনে শোক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

চলে গেলেন আবাহনীর ‘হারুন ভাই’, ক্রীড়াঙ্গনে শোক

হারুনুর রশীদ ছবি সংগৃহীত

যে মানুষটির হাত ধরে আবাহনী ক্রীড়া চক্রের শুরুর দিনগুলো পেয়েছিল সাংগঠনিক ভিত্তি, সেই মানুষটিই আর নেই। দেশের আধুনিক ফুটবলের অন্যতম পথপ্রদর্শক, আবাহনীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ শেষনিশ্বাস ত্যাগ করেছেন। ক্রীড়াঙ্গনে সবার পরিচিত ‘হারুন ভাই’ চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়ামহলে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৭ বছর।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই ক্রীড়া সংগঠক। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। অবস্থার উন্নতি না হওয়ায় পরে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মস্থান লক্ষ্মীপুরে। সেখানকার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আবাহনীর আজকের পরিচিতি ও বিস্তৃত সাংগঠনিক কাঠামোর পেছনে যাঁদের স্বপ্ন, শ্রম ও নিষ্ঠা রয়েছে, হারুনুর রশীদ তাঁদের অন্যতম। ক্লাবটির জন্মলগ্ন থেকেই তাঁর সম্পৃক্ততা ছিল। শুধু একজন কর্মকর্তা হিসেবে নয়, আবাহনীর ঐতিহ্য নির্মাণেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

১৯৬৬ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয়েছিল আবাহনী সমাজকল্যাণ সমিতি। ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুরোধে ক্লাবটির সঙ্গে যুক্ত হন তাঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। ধানমন্ডির ১৯ নম্বর রোডের মাঠটিও নানা আইনি জটিলতা পেরিয়ে ক্লাবটির অধীনে আসে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে আধুনিক ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন শেখ কামাল। এ সময় মোহাম্মদপুরের পরিত্যক্ত ইকবাল স্পোর্টিং ক্লাবকে ঘিরে নতুন পরিকল্পনা শুরু হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই ক্লাবের ভিত্তিতেই যাত্রা শুরু করে আবাহনী ক্রীড়া চক্র।

এই নতুন যাত্রার অন্যতম সংগঠক ছিলেন হারুনুর রশীদ। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ফুটবল, ক্রিকেট ও হকিতে আধুনিক ধারার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টায় যুক্ত ছিলেন তিনি।

আবাহনীর ঐতিহ্যবাহী লোগোটির নকশাও করেছিলেন নিজের হাতে। জাতিসংঘের পতাকার রং থেকে অনুপ্রেরণা নিয়ে দুই পাশে লতা-পাতার বেষ্টনী যুক্ত করে তৈরি করেছিলেন ক্লাবটির পরিচিত প্রতীক। বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্ম নেওয়া হারুনুর রশীদের কর্মপরিধি আবাহনীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশের ফুটবল প্রশাসনকে সংগঠিত করতেও রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদক ছাড়াও ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসনেও ছিল তাঁর পরিচিতি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিও পেয়েছেন নানা পর্যায়ে। অর্জন করেছেন জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাঁকে সেরা সংগঠকের সম্মাননা দেয়। ২০২৩ সালে পান প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কার।

ক্রীড়া সংগঠনের বাইরেও রাজনীতিতে সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিজয়ী হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন হারুনুর রশীদ। ওই নির্বাচনে ব্যারিস্টার মওদুদ আহমদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পরবর্তী সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন। রাজনৈতিক ও সাংগঠনিক নানা পরিচয় থাকলেও ক্রীড়াঙ্গনে তাঁর সবচেয়ে পরিচিত পরিচয় ছিল আবাহনীর ‘হারুন ভাই’।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে আবাহনী লিমিটেড, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন। আবাহনীর প্রতিষ্ঠার ইতিহাস, বাংলাদেশের ফুটবলের বিকাশ এবং ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর অবদান স্মরণে থাকবে দীর্ঘদিন।

Walton
Walton