Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, বহাল থাকবে অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ১০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, বহাল থাকবে অবরোধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সামরিক দিক থেকে কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (০৯ নভেম্বর)  ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তবে যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

ট্রাম্পের ভাষায়, ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। এখনকার পরিস্থিতি অপরিবর্তিত রাখতেই যুক্তরাষ্ট্র আগ্রহী। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই ওয়াশিংটন এ অবস্থান ধরে রেখেছে বলেও দাবি করেন তিনি।

সোমবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে কথা হয়েছে। একটি সমঝোতায় পৌঁছানো এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গঠনমূলক আলোচনা হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

অবরোধ বহাল রাখার পক্ষে ট্রাম্প
যুদ্ধ কার্যত শেষ বলে মন্তব্য করলেও ইরানের ওপর চাপ কমানোর কোনো ইঙ্গিত দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধের লক্ষ্যে সম্প্রতি ঘোষিত ‘টাস্কফোর্স আয়রন গেট’-এর কার্যক্রমও চলবে।

ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ কয়েকটি দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তাঁর মতে, এর অর্থ যুক্তরাষ্ট্রের ইতিহাসে, এমনকি বিশ্বের ইতিহাসেও সবচেয়ে বড় নৌ অবরোধ অব্যাহত রাখা।

তবে প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি রয়েছে বলে স্পষ্ট করেছেন তিনি।

ট্রাম্প বলেন, এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা খুব বেশি বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যুক্তরাষ্ট্র যেকোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত।

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এখন ইরানের হুমকি থেকে সুরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর আশা, খুব শিগগিরই সংঘাতের অবসান ঘটবে।

ট্রাম্পের বক্তব্যকে ভুয়া খবর বলছে তেহরান
ওয়াশিংটনের এই বক্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের মন্তব্যকে আলোচনার নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হিসেবে দেখছে তেহরান।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যে মার্কিন সরকারকে বড় সংকটে ফেলেছে। অথচ ওয়াশিংটন এখনো মরিয়া হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের বাস্তবতা মেনে নিতে হবে।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এমন এক পরিস্থিতির অবসান চেয়েছেন, যাকে তিনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছেন।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে পেজেশকিয়ান বলেন, তেহরান নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত। তবে শক্তি প্রয়োগ কিংবা চাপের মুখে কোনো সিদ্ধান্ত মেনে নেবে না দেশটি। তাঁর কথায়, ‘আমরা শক্তি প্রয়োগ ও ভয়ভীতির কাছে আত্মসমর্পণ করব না।’

সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে
২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।

হামলা শুরুর পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। বিশ্ববাজারে তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহনের অন্যতম প্রধান নৌপথ এটি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনা এসব হামলার লক্ষ্যবস্তু হয়। এর মধ্যে মার্কিন সামরিক স্থাপনাও ছিল।

এর বাইরে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে দখলদারত্ব সম্প্রসারণের পাশাপাশি সেখানে প্রাণঘাতী বিমান হামলাও চালিয়েছে।

যুদ্ধ শুরুর পর প্রায় নয় মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে। মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানের কেশম দ্বীপে সীমিত আকারে হামলার ঘোষণা দেয়। একই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে পারলে ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র। এ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে তথ্য চেয়েছে ওয়াশিংটন।

পারমাণবিক কর্মসূচি নিয়ে পুরোনো বিরোধ
২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করাকেই চলমান যুদ্ধের অন্যতম প্রধান যুক্তি হিসেবে তুলে ধরেছে তাঁর প্রশাসন।

ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের বক্তব্য, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির উদ্দেশ্য বেসামরিক জ্বালানি উৎপাদন।

যুদ্ধ বন্ধে সাত শর্ত ইরানের
যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা ইরানের অর্থ অবমুক্ত করা এবং ওমানের সঙ্গে সমন্বয়ে হরমুজ প্রণালিতে নতুন নৌ চলাচল ব্যবস্থা স্বীকৃতি দেওয়া।

এ ছাড়া লেবাননে ইসরায়েলের হামলাসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের দাবিও জানিয়েছে তেহরান।

এই সংঘাতে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ রক্ষায়ও তিনি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন।

সোমবারের রুদ্ধদ্বার বৈঠকে তিনি যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের পক্ষ থেকে দেওয়া দুই দিনের একটি প্রস্তাব ট্রাম্পের কাছে তুলে ধরেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, সংঘাতের অবসান ঘোষণা করে বিষয়টি চুকিয়ে দিচ্ছেন না কেন?

জবাবে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই যুক্তরাষ্ট্র বর্তমান অবস্থা বজায় রাখতে চায়। তিনি স্বল্পমেয়াদি সমাধানের পরিবর্তে দীর্ঘমেয়াদি সমঝোতার ওপর জোর দেন।

ট্রাম্পের দাবি, ছয় মাস আগের তুলনায় মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন অনেক বেশি নিরাপদ। তাঁর ভাষায়, ইরানের সামরিক নেতৃত্ব ও সক্ষমতা বড় ধরনের আঘাতের মুখে পড়েছে। তবে দেশটি এখনো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরানের ওপর নৌ অবরোধ বহাল রাখা এবং প্রয়োজনে নতুন করে হামলার প্রস্তুতির কথা ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট। ফলে সংঘাতের অবসান নিয়ে আশাবাদ তৈরি হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ মিটে যাওয়ার লক্ষণ এখনো স্পষ্ট নয়।

সূত্র: আলজাজিরা

Walton
Walton