সৌদির তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। স্থনীয় সময় আজ রোববার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দেশটির রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। এর রেশ না কাটতেই নতুন করে এই হামলা চালানোর দাবি করল গোষ্ঠীটি।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, আবকাইক শহরে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।
তবে এসব হামলার বিষয়ে সৌদি সরকার কিংবা সৌদি আরামকোর পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।




