Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৩ ১৪৩৩, রোববার ০৮ নভেম্বর ২০২৬

তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন এডিনবার্গের ডাচেস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন এডিনবার্গের ডাচেস

এডিনবার্গের ডাচেস ছবি সংগৃহীত

তিন দিনের সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন এডিনবার্গের ডাচেস। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তাঁর এ সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক, নারী ও শিশুর নিরাপত্তা ও ক্ষমতায়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে।

সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত বিভিন্ন সহায়তা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখবেন।

ঢাকায় অবস্থানকালে এডিনবার্গের ডাচেস রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, নিরাপত্তা, সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে।

সফরের অন্যতম কর্মসূচি হিসেবে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করবেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানবেন। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরবেন।

এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন ডাচেস। সেখানে নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলবেন তিনি। খেলাধুলার মাধ্যমে নারী ও কন্যাশিশুদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও এ কর্মসূচিতে গুরুত্ব পাবে।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। সেখানে তরুণদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

ঢাকার কর্মসূচি শেষে ডাচেস যাবেন কক্সবাজারে। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি।

এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে নেতৃত্ব ও দক্ষতা বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগও দেখবেন ডাচেস। পাশাপাশি নারী ও শিশুদের পুনর্বাসন, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।

Walton
Walton