ছবি সংগৃহীত
গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হেলমেট পরা এক ব্যক্তিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়েছেন-এমন কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন।
এদিকে, ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা এক ব্যক্তি পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।




