Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৯ ১৪৩৩, বুধবার ০৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভারেও মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভারেও মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর ও সাভার। আন্দোলনের ষষ্ঠ দিনে বুধবার (৪ নভেম্বর) সকালে গাজীপুরের বড়বাড়ী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। অন্যদিকে, একই দাবিসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শ্রমিকেরা। তাঁদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মহাসড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এরপর বিক্ষোভকারীরা নগরীর বাসন থানায় হামলার চেষ্টা চালান। তাঁরা থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে হানা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে বিভিন্ন স্থানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, একই দিন সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল ৯টার দিকে শুরু হওয়া এই অবরোধে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

আন্দোলনরত শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অন্যায়ভাবে কালো তালিকাভুক্তি বন্ধ এবং অযৌক্তিক ছাঁটাই বাতিল। শ্রমিকেরা জানান, বর্তমানে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে তাঁরা ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ এসব দাবি বাস্তবায়নের জন্য আন্দোলনে নেমেছেন।

পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা প্রথমে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর তাঁরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবি নিয়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Walton
Walton