মিরপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ও গাজীপুরের কালিয়াকৈরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন গাজীপুরের শ্রমিকেরা। অন্যদিকে, একই দাবিতে সকাল থেকে মিরপুর ১০ নম্বর মোড় অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে দুই এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সকাল ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা সেখানে যোগ দেন। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিক বিক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।
তিনি জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সঙ্গে কাজ করবেন বিজিবি সদস্যরা। প্রয়োজন অনুযায়ী বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।
এদিকে, একই দাবিতে রোববার সকাল ৮টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকেরা সকালে জড়ো হয়ে মিরপুর ১০ নম্বর মোড় অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। সেদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল। পরে শ্রমিকেরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন।
সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের এই আন্দোলনের কারণে রাজধানীর মিরপুর ও গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।




