Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১ ১৪৩৩, রোববার ১৮ অক্টোবর ২০২৬

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: নিহত বেড়ে ১০

প্রকাশিত: ২৩:৪১, ১৭ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: নিহত বেড়ে ১০

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: নিহত বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, নিহত ১০ জনের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিজ তেহামী জেরিফ (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও শিশু ফায়িজান আহম্মেদ (৫)। এদের মধ্যে নাফিজ তেহামী জেরিফ (২৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নিহতদের মধ্যে কয়েকজনের স্বজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, মারা যাওয়াদের মধ্যে পাঁচজন আমার কাজিন এবং একজন ভাগনি (৫)। এছাড়া আমার মামা মাসুদ ও মামি মেহেরুন্নেসা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহাদ সরকার লিখেছেন, কক্সবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রথমে তার পরিবারের ছয় সদস্যের মৃত্যুর খবর পান। পরে আরও একজনের মৃত্যুর খবর আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

উপাচার্য নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সেখানে উদ্ধার অভিযান চালানো হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮টার দিকে সেখানে পৌঁছায় তারা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ বলেছেন, কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি টুপটুপ রিসোর্টটি অনুমোদন ছাড়াই চলছিল। রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্সও ছিল না।

তিনি বলেন, গত জুনে পরিদর্শনের পর রিসোর্টটি ঝুঁকিপূর্ণ হিসেবে সতর্ক করে নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস। এরপরও রিসোর্টটি অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল।
 

Walton
Walton