ফাইল ফটো
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে একটি ঔষধ কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে টঙ্গী, উত্তরা, গাজীপুর, জয়দেবপুর, পূবাইলসহ আশপাশের ১৬টি ইউনিট।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানার পিন সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সকালে কারখানাটিতে কাজ চলছিল। এসময় একটি ভবনের ৬ তলা থেকে আগুনের কালো ধোঁয়া উড়তে থাকে। আগুন দেখে কারখানার কর্মচারী ও কর্মকর্তারা দ্রুত বের হয়ে যায়। পরে কারখানার অগ্নিনির্বাপকের দায়িত্বে থাকা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ১০টার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথম দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা বেশি থাকায় একে একে আরও ১৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগদান করে।
তিনি আরও বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে লাগাতার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ব্যাকআপ হিসেবে আরও ৪ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।




