ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার রাতে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ২০০টি চেকপোস্ট বসানো হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সন্দেহভাজনদের তল্লাশির পাশাপাশি যানবাহনেও নজরদারি করা হচ্ছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন ফ্লাইওভারের ওঠা-নামার স্থানগুলোতে বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি।
এদিকে, মতিঝিল এলাকা থেকে পাঁচজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।মতিঝিলের ডিসি হারুন-উর রশীদ জানিয়েছেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজর রাখা হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথগুলোতে তল্লাশি আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।




