ফাইল ছবি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-২ (লেজিসলেটিভ সাপোর্ট উইং) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সেই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ (২১ আগস্ট) থেকেই ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হলো।
বিজ্ঞপ্তিটির অনুলিপি এরইমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকল দফতর ও কার্যালয়ে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি দলীয় মনোনীত প্রার্থী ছিলেন। দায়িত্ব গ্রহণের ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।




