ফ্লোরিডায় দুর্ঘটনার স্থানে একটি জ্বলন্ত গর্ত । ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি আবাসিক এলাকায় যাত্রীবাহী ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এর নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি আছড়ে পড়ার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনায় উড়োজাহাজের নয় আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) দেওয়া তথ্য অনুযায়ী, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় সেটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি আবাসিক সড়কের মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। চারপাশে ছড়িয়ে রয়েছে কংক্রিটের টুকরো, ধ্বংসাবশেষ ও আগুনের শিখা।
বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে পাইলটের শেষ মুহূর্তের কথোপকথন থেকে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার আগে পাইলট নিয়ন্ত্রণকক্ষকে জানান, উড়োজাহাজটি প্রতি মিনিটে ১০ হাজার ফুট গতিতে নিচে নামছে। পরে জরুরি পরিস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, উড়োজাহাজটির নিম্নমুখী গতি প্রতি মিনিটে ২০ হাজার ফুটে পৌঁছেছে।
শেষ মুহূর্তে পাইলটকে বলতে শোনা যায়, ‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি, আমাদের হাতে আর সময় নেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যস্ত আবাসিক সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। এমন সময় উড়োজাহাজটি প্রায় খাড়াভাবে নিচে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে বড় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ভিডিওটির সত্যতা অবশ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ঘটনাটিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিডিওটি দেখলে মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র আকাশ থেকে নিচে নেমে আসছে। এরপরই ঘটে বিশাল বিস্ফোরণ। চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ।
দুর্ঘটনার সময় উড়োজাহাজে কারা ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর জানিয়েছেন, মাটিতে থাকা কোনো ব্যক্তির হতাহত হওয়ার খবর তখন পর্যন্ত পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর আশপাশের একটি মোবাইল হোম পার্কের প্রায় ৬০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার অভিঘাতে স্থানীয় পানির সরবরাহ লাইনসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি মেরামত করে যান চলাচলের উপযোগী করতে অন্তত ৩০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
এদিকে, পাম বিচ কাউন্টির ফায়ার রেসকিউ বিভাগ ঘটনাটিকে ‘গণহতাহতের জরুরি পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করেছে। দুর্ঘটনার তদন্তে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) সঙ্গে কাজ করতে ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে এফএএ।
দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। তবে বৈরী আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান কাছের একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ওই সময় ট্রাম্প তাঁর মার-আ-লাগো অবকাশকেন্দ্রে অবস্থান করছিলেন। তবে দুর্ঘটনার সঙ্গে তাঁর সফরের কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি




