Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৭ ১৪৩৩, সোমবার ০২ নভেম্বর ২০২৬

হুতিদের সামরিক রসদ লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান

প্রকাশিত: ০৯:১৩, ২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

হুতিদের সামরিক রসদ লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান

মুখপাত্র তুর্কি আল-মালিকি

ইয়েমেনে বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলার কাজে ব্যবহৃত হুতিদের সামরিক রসদ ও সম্পদ লক্ষ্য করে রোববার (১ নভেম্বর ) সকালে অভিযান চালিয়েছে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোট। সৌদি নেতৃত্বাধীন এই জোটের দাবি, হুতিদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহৃত বিভিন্ন সম্পদ ধ্বংস করাই অভিযানের মূল উদ্দেশ্য।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেন, সৌদি আরব এবং দক্ষিণ লোহিত সাগরের নৌ চলাচলপথের নিরাপত্তার জন্য সৃষ্ট হুমকি মোকাবিলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে আল-মালিকি বলেন, ইরান-সমর্থিত হুতিরা নিজেদের সামরিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ সম্পদ কাজে লাগাচ্ছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা বাড়ানোর দিকে তারা মনোযোগ দিয়েছে। একই সময়ে ইয়েমেন ও সৌদি আরবে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে পরিকল্পিত ও ধারাবাহিক হামলাও চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

জোটের এই মুখপাত্রের ভাষ্য, হুতিদের এসব হামলা এবং বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামোর ওপর তৈরি হওয়া ঝুঁকি বিবেচনায় নিয়ে যৌথ বাহিনীর কমান্ড অভিযানটি পরিচালনার সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে এবং সামরিক তৎপরতায় গুরুত্বপূর্ণ সম্পদের ব্যবহার বন্ধ করতে জোট প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে। বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা বন্ধ না করলে হুতিদের এর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে, রোববার দিনের পরবর্তী সময়ে আল-মালিকি আরও জানান, ইয়েমেন থেকে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
সূত্র: আরব নিউজ

Walton
Walton