Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৬ ১৪৩৩, রোববার ০১ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র-ইরানকে তুরস্কের জরুরি আহ্বান

প্রকাশিত: ১২:৪৮, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৪৯, ১ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র-ইরানকে তুরস্কের জরুরি আহ্বান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বিরোধ দ্রুত নিষ্পত্তি করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তিনি এ আহ্বান জানান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিদান বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বাড়ছে বিভিন্ন দেশের অর্থনৈতিক চাপ।

তাঁর মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি আগে থেকেই নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে। তাই আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথগুলো দ্রুত সচল করা জরুরি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধগুলো আর টেকসই হতে পারে না। তাই রাশিয়া ও ইউক্রেনকে একটি সমঝোতায় পৌঁছাতে হবে।’

তিনি চলমান সংঘাতগুলোর অবসানে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তাঁর বক্তব্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান-দুটি বিষয়ই আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি হিসেবে উঠে এসেছে।

Walton
Walton