প্রেসিডেন্ট লুলা ডা সিলভা। ছবি: সংগৃহীত
ব্রাজিলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী লড়াইয়ে প্রবীণ বামপন্থী প্রেসিডেন্ট লুলা ডা সিলভা তার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারুকে হারিয়ে আবারো নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৬ শতাংশ ভোট। অন্যদিকে ফ্লাভিও বলসোনারু পেয়েছেন ৪৮ দশমিক ২৪ শতাংশ ভোট।
বলসোনারু লুলার জয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে ফল বাতিলের দাবি করেছেন। যদিও ব্রাজিলের সংবাদপত্রগুলো লুলার জয়কে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করছে। প্রেসিডেন্ট নির্বাচনে এটি লুলা ডা সিলভার চতুর্থ জয়। এর আগে তিনি ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
পরে ২০২৩ সালের জানুয়ারিতে আবারও ক্ষমতায় ফেরেন। তবে রোববারের দ্বিতীয় দফার নির্বাচনে জয়ের পথ তার জন্য মোটেও সহজ ছিল না।
প্রথম দফার নির্বাচনে ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারু। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি। লাতিন আমেরিকায় চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ব্যতিক্রম ঘটিয়েছেন লুলা। এ অঞ্চলের বিভিন্ন দেশের ভোটাররা ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করে ডানপন্থীদের দিকে ঝুঁকেছেন।




