Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৮ ১৪৩৩, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের হোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক, ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যামলী বাংলা পরিবহনের যাত্রী আব্দুর রাজ্জাক নিহত হন। এ সময় অন্তত ১০ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেন। আহতদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, ‘আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Walton
Walton