Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩০ ১৪৩৩, রোববার ১৫ নভেম্বর ২০২৬

প্রেসক্লাব থেকে শাহবাগ, হাসিনাকে নিয়ে যুবদলের স্লোগান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৭, ১৫ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

প্রেসক্লাব থেকে শাহবাগ, হাসিনাকে নিয়ে যুবদলের স্লোগান

ছবি সংগৃহীত

স্লোগানে উত্তাল রাজধানীর রাজপথ। ‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’-যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের এই স্লোগান ঘিরে শনিবার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ও ভার্চুয়াল বক্তব্য নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রাজধানীতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও অংশ নেন। শাহবাগে পৌঁছানোর পর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন আলোচিত স্লোগানটি দেন।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও সাম্প্রতিক ভার্চুয়াল বক্তব্যের প্রেক্ষাপটে যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নয়নের স্লোগানসংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

রাজপথে থাকার ঘোষণা রিজভীর
মিছিল শেষে বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালিয়ে যুবদল কিংবা বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভয় দেখানো যাবে না।

তিনি দাবি করেন, অতীতে গুম, খুন ও নানা ধরনের নির্যাতনের মুখেও দলের নেতাকর্মীরা রাজপথের আন্দোলন চালিয়ে গেছেন। রবিউল ইসলাম নয়নও শারীরিক নির্যাতনসহ বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

রিজভীর বক্তব্যে উঠে আসে, এসব প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীদের মনোবল ভাঙা সম্ভব হয়নি।

শেখ হাসিনার ফেরা নিয়ে সরকারের বক্তব্য
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানিয়েছেন, তাঁর দেশে ফেরা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তাঁর বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।

শনিবারের যুবদলের কর্মসূচি এবং নয়নের স্লোগানকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য-পাল্টা বক্তব্যের নতুন পর্ব শুরু হয়েছে।

Walton
Walton