Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩০ ১৪৩৩, রোববার ১৫ নভেম্বর ২০২৬

গির্জায় হামলার পরও কি নিরাপদ জর্ডানের খ্রিষ্টানরা?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৪, ১৫ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

গির্জায় হামলার পরও কি নিরাপদ জর্ডানের খ্রিষ্টানরা?

ফাদার ক্রিসানথাস বলেন, গির্জায় প্রাণঘাতী হামলার পর জর্ডানের সংকল্পকে আরও শক্তিশালী করেছে মুসলিম-খ্রিস্টান সংহতি। ছবি সংগৃহীত

প্রায় দুই হাজার বছর ধরে খ্রিষ্টানরা বসবাস করছেন বর্তমান জর্ডানের ভূখণ্ডে। গড়ে তুলেছেন নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান, জনপদ ও সামাজিক পরিমণ্ডল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে দুই সম্প্রদায়ের দীর্ঘদিনের সহাবস্থানও পরিচিত। কিন্তু গত ২৩ অক্টোবরের এক সশস্ত্র হামলা সেই সম্প্রীতি ও নিরাপত্তার প্রশ্ন নতুন করে সামনে এনেছে।

দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের হামুদ গ্রামের একটি গির্জায় শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষের ওপর সেদিন গুলি চালায় বন্দুকধারীরা। এতে নিহত হন নয়জন। আহত হন আরও কয়েক ডজন মানুষ।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে নিন্দা জানান। হামলার পর দেশজুড়ে শোক ও সংহতির প্রকাশ দেখা যায়। তিন সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়েছে। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।

তবে জর্ডানের মোট জনসংখ্যার মাত্র ২ থেকে ৩ শতাংশ খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য এই হামলার মানসিক ক্ষত সহজে কাটিয়ে ওঠার নয়। মধ্যপ্রাচ্যে খ্রিষ্টানদের ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে হামলার অভিজ্ঞতা, মুসলিম প্রতিবেশীদের সহমর্মিতা এবং প্রতিশোধের বদলে ক্ষমার শিক্ষা নিয়ে কথা বলেছেন গ্রিক অর্থোডক্স চার্চের ধর্মযাজক ফাদার ক্রাইসান্থাস। তিনি জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্কেটের একজন ডিকন এবং আম্মানে খ্রিষ্টান ফ্যামিলি হাউসের প্রধান।

হামলার ১০ দিন পর জর্ডানের রাজধানী আম্মানে নিজের গির্জায় আরব নিউজের প্রধান সম্পাদক ও ‘আরব ভিউজ’ পডকাস্টের উপস্থাপক ফয়সাল জে আব্বাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় সম্প্রীতি ধরে রাখার প্রয়োজনীয়তার কথাও বলেন।

তাঁর বক্তব্যে ছিল স্পষ্ট একটি বার্তা-সহিংসতা, আতঙ্ক কিংবা দেশ ছাড়ার চাপ, কোনো কিছুতেই মধ্যপ্রাচ্য থেকে খ্রিষ্টানদের হারিয়ে যেতে দেওয়া উচিত নয়।

টেলিভিশনে রক্তাক্ত গির্জার খবর
ফাদার ক্রাইসান্থাসের কাছে ২৩ অক্টোবরের সকালটি শুরু হয়েছিল অন্য দিনের মতোই। আম্মানে নিজের কার্যালয়ে কাজ করছিলেন তিনি। হঠাৎ টেলিভিশনে কারাকের হামুদ গ্রামের একটি গির্জায় হামলার খবর দেখতে পান।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অফিসে বসে কাজ করছিলাম। হঠাৎ টেলিভিশন চালিয়ে দেখি, কারাকের হামুদে হামলা হয়েছে। প্রথমেই জানতে চাইলাম, কোন গির্জায় হামলা হয়েছে? এরপর আমরা ধর্মযাজকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠিয়ে জানতে চাইলাম, এটি কি আমাদের গির্জা?’

কিছুক্ষণের মধ্যেই গির্জার ভেতরের ভিডিও তাঁদের কাছে পৌঁছায়। সেখানে রক্তাক্ত মানুষ ও নিহতদের দৃশ্য দেখতে পান তাঁরা।

পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছিল। হামুদ গ্রামের গির্জার দায়িত্বে থাকা ধর্মযাজক রাজধানীতে তাঁর সহকর্মীদের ফোন করে সাহায্য চাইছিলেন।

ক্রাইসান্থাস বলেন, ‘তিনি খুব আতঙ্কিত ছিলেন। ফোন করে বলছিলেন, ফাদার, আমাদের সাহায্য করার জন্য কাউকে পাঠান। আমরাও তখন ভাবছিলাম, এখন কী করা যায়?’

কয়েকজন ধর্মযাজক কারাকে চলে গেলেও তিনি আম্মানেই থেকে যান। কারণ আহতদের চিকিৎসার জন্য রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছিল।

সেখানে আহতদের কান্না ও স্বজনদের উদ্বেগের মধ্যে অন্য এক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। মৃত্যুর কাছ থেকে ফিরে আসা কয়েকজনের চোখে দেখেন গভীর ধর্মবিশ্বাস।

তিনি বলেন, ‘আমি আহত মানুষদের দেখেছি। তাঁরা কাঁদছিলেন। কিন্তু তাঁদের চোখে বিশ্বাসও ছিল। একজন আহত ব্যক্তি আমাকে বলেছিলেন, ফাদার, এখন আমি ঈশ্বরের ওপর আরও বেশি আস্থা রাখি। কারণ তিনি আমাদের বাঁচিয়েছেন।’

পরদিন গ্রিক অর্থোডক্স ধর্মযাজকেরা নিহতদের শেষকৃত্য সম্পন্ন করেন। শোকাহত পরিবারগুলোর পাশে বসেন, তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সবচেয়ে কঠিন ছিল একটি প্রশ্নের উত্তর দেওয়া-এমন ঘটনা কেন ঘটল?

ক্রাইসান্থাস বলেন, ‘সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল, এমন ঘটনা কেন ঘটল?’

তাঁর মতে, মানুষের দুঃসময়ে ধর্মীয় নেতাদের সান্ত্বনা দেওয়ার দায়িত্ব থাকলেও তাঁরাও একই ধরনের অসহায়ত্ব ও মানসিক চাপ অনুভব করেন।

তিনি বলেন, ‘অনেক সময় আমরাও খুব দুর্বল হয়ে পড়ি। মানুষকে সাহস দেওয়ার মতো শক্তি আমাদের থাকে না। তাঁদের পাশে দাঁড়াতে গিয়ে কখনো কখনো নিজেরাই তাঁদের কাছ থেকে মানসিক শক্তি নিয়ে ফিরে আসি।’

গির্জায় মানুষের উপস্থিতি কমেনি
হামলার পরও জর্ডানের খ্রিষ্টানরা গির্জায় যাওয়া বন্ধ করেননি বলে জানান ফাদার ক্রাইসান্থাস। হামলার নয় দিন পর আম্মানে তাঁর গির্জায় রোববারের প্রার্থনায় পূর্ণ উপস্থিতি ছিল। তাঁর মতে, ধর্মীয় জীবন স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার মধ্য দিয়েই সম্প্রদায়টি নিজেদের দৃঢ়তা প্রকাশ করেছে।

গির্জার ভেতরে নিজেকে নিরাপদ মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি পরিষ্কার করে বলতে চাই, শুধু আপনাকে বা সংবাদমাধ্যমকে বলার জন্য এমন কথা বলছি না। গির্জাগুলোতে গিয়ে দেখুন। সব গির্জাই পূর্ণ। গতকাল রোববারও সব গির্জায় মানুষের উপস্থিতি ছিল।’

এই আত্মবিশ্বাসের পেছনে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের দীর্ঘদিনের সম্পর্ককে বড় কারণ বলে মনে করেন তিনি। তাঁর মতে, হামলাকারীরা দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করতে চাইলেও সাধারণ মানুষের পারস্পরিক সম্পর্ক অটুট রয়েছে।

হামলার পরপরই বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ কারাকের প্রিন্স আলী বিন আল হুসেইন সামরিক হাসপাতালে আহতদের দেখতে যান। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

দুই দিন পর হামুদ গ্রামে যান রানি রানিয়া। সঙ্গে ছিলেন ক্রাউন প্রিন্সেস রাজওয়া ও প্রিন্সেস সালমা। তাঁরা শোকাহত পরিবারগুলোর সঙ্গে সময় কাটান। ক্রাউন প্রিন্স হুসেইনও নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করেন এবং দায়ীদের বিচারের আওতায় আনার বিষয়ে বাদশাহর অবস্থান তুলে ধরেন।

হামলার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে জর্ডান সরকার। এতে স্পষ্ট হয়, সরকার ঘটনাটিকে শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা হিসেবে দেখছে না; বরং পুরো দেশের ওপর আঘাত হিসেবে বিবেচনা করছে।

তবে ফাদার ক্রাইসান্থাসের কাছে সবচেয়ে আবেগঘন সংহতির প্রকাশ এসেছে সাধারণ মানুষের কাছ থেকে।

তিনি বলেন, ‘জর্ডানে সবাই একসঙ্গে ছিল। মুসলিম তরুণেরা গির্জা থেকে রক্ত পরিষ্কার করেছেন। হাসপাতালে খ্রিষ্টানদের পাশে ছিলেন মুসলিমরা। আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি।’

আম্মানের যে অর্থোডক্স স্কুলে তিনি শিক্ষকতা করেন, সেখানেও একই দৃশ্য দেখেছেন তিনি।

হামলার পর স্কুলের দুই শিক্ষার্থীর মধ্যে কথোপকথনের কথা স্মরণ করে জানান, এক খ্রিষ্টান শিক্ষার্থী তার মুসলিম বন্ধুকে জড়িয়ে ধরেছিল। তখন মুসলিম শিক্ষার্থী মজা করে জানতে চায়, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? জবাবে খ্রিষ্টান বন্ধুটি তাকে হালকা চড় দিয়ে বলে, এখন কে কাকে ভয় পাচ্ছে?

ক্রাইসান্থাসের মতে, এমন ছোট ছোট ঘটনা প্রমাণ করে, হামলাকারীদের উদ্দেশ্য সত্ত্বেও দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি হয়নি।

ভয় আছে, তবে প্রতিবেশীদের নিয়ে নয়
ছোটবেলায় একটি খ্রিষ্টান স্কুলে পড়াশোনা করেছেন ফাদার ক্রাইসান্থাস। তাঁর সহপাঠীদের অধিকাংশই ছিলেন মুসলিম। সে সময় বৈষম্য কিংবা ধর্মীয় বিদ্বেষের কোনো অভিজ্ঞতা হয়েছিল কি না, জানতে চাইলে বরং সম্প্রীতির একটি ঘটনা তুলে ধরেন তিনি।

একদিন তাঁর এক খ্রিষ্টান সহপাঠী স্কুলের দেয়ালে থাকা ক্রুশ সরিয়ে দিতে চেয়েছিল। তখন এক মুসলিম শিক্ষার্থী নিজেই ক্রুশটি তুলে আবার দেয়ালে লাগিয়ে দেয়।

ক্রাইসান্থাস বলেন, ‘আমার মনে আছে, আমার এক মুসলিম সহপাঠী ক্রুশটি তুলে দেয়ালে লাগিয়ে দিয়েছিল। সে বলেছিল, ক্রুশকে সম্মান করতে হবে। এটি একটি খ্রিষ্টান স্কুল। এমন কথা বলা উচিত নয়। জর্ডানে খ্রিষ্টান ও মুসলিমদের সম্পর্কের ছবিটা আসলে এমনই।’

তবে গির্জায় হামলার পর খ্রিষ্টান সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও স্বীকার করেন তিনি। কিন্তু এই ভয় মুসলিম প্রতিবেশী, আত্মীয়স্বজন কিংবা নিজ দেশের মানুষের প্রতি নয়। তাঁর মতে, উদ্বেগের কারণ হলো হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা উগ্রবাদী চিন্তাধারা।

তিনি বলেন, ‘হয়তো কিছু মানুষ ভয় পাচ্ছেন। তবে বিষয়টি পরিষ্কার করা দরকার। তাঁরা তাঁদের প্রতিবেশীদের ভয় পাচ্ছেন না। মুসলিমদের নয়, নিজেদের পরিবার কিংবা দেশকেও নয়। তাঁদের ভয় সেই উগ্র চিন্তাধারাকে, যা হঠাৎ সামনে এসেছে।’

ধর্মযাজক ও শিক্ষক হিসেবে তরুণদের এই মানসিক চাপ থেকে বের করে আনার দায়িত্বও অনুভব করেন তিনি। তাঁর মতে, শুধু ধর্মীয় শিক্ষা দিয়ে তরুণদের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাঁদের প্রয়োজন ভালোবাসা, বোঝাপড়া এবং নিজের কথা বলার সুযোগ।

ক্রাইসান্থাস বলেন, ‘তরুণেরা সব সময় কাউকে ধর্ম বা ঈশ্বরের কথা বলতে শুনতে চায় না। তারা চায় কেউ তাদের ভালোবাসুক, বুঝুক। এমন একটি পরিবেশ দিক, যেখানে তারা নিজের কথা বলতে পারবে। পাশাপাশি নিজেদের দায়িত্ব সম্পর্কেও সচেতন থাকবে।’

বড়দিনের উৎসব নিয়ে অনিশ্চয়তা
বড়দিন সামনে আসায় হামুদ গ্রামের খ্রিষ্টান পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। সাধারণত এ সময় পরিবারগুলো উৎসব ও আনন্দে মেতে ওঠে। কিন্তু যেসব মা-বাবা সন্তান হারিয়েছেন, যেসব পরিবার এখনো স্বজন হারানোর শোক সামলাতে পারছে না, তাঁদের কাছে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সহজ নয়।

ক্রাইসান্থাস বলেন, ‘কারাকের ঘটনার মাত্র দুই সপ্তাহ পরই তাঁদের বলা যে সব ভুলে গিয়ে বড়দিনের উৎসবে যোগ দিতে হবে, বিষয়টি খুব অস্বাভাবিক মনে হবে।’

মধ্যপ্রাচ্য ছেড়ে যাবেন না খ্রিষ্টানরা
গির্জায় হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে খ্রিষ্টানদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ আবারও সামনে এনেছে। গত কয়েক দশকে এ অঞ্চলের বিভিন্ন দেশে খ্রিষ্টান জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের আগে ইরাকে ১০ লাখের বেশি খ্রিষ্টান বসবাস করতেন। সাম্প্রদায়িক সহিংসতা, নিপীড়ন ও বাস্তুচ্যুতির কারণে বর্তমানে তাঁদের সামান্য একটি অংশ সেখানে রয়েছেন।

সিরিয়াতেও যুদ্ধ ও দেশত্যাগের কারণে খ্রিষ্টান সম্প্রদায়ের সংখ্যা কমেছে। যিশুখ্রিষ্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথলেহেমেও দীর্ঘদিন ধরে খ্রিষ্টান জনসংখ্যা হ্রাস পাচ্ছে।

এমন পরিস্থিতিতে ইউরোপের মতো তুলনামূলক নিরাপদ অঞ্চলে চলে যাওয়াই কি খ্রিষ্টানদের জন্য ভালো সিদ্ধান্ত-এমন প্রশ্নের জবাবে দ্বিমত পোষণ করেন ফাদার ক্রাইসান্থাস।

তাঁর মতে, মধ্যপ্রাচ্যের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে খ্রিষ্টানদের অস্তিত্ব গভীরভাবে জড়িয়ে আছে। তাঁদের ছাড়া এ অঞ্চলের ইতিহাসও অসম্পূর্ণ থেকে যাবে।

তিনি বলেন, ‘আমার পক্ষে খ্রিষ্টানদের ছাড়া মধ্যপ্রাচ্য কল্পনা করা সম্ভব নয়। খ্রিষ্টানদের ছাড়া মধ্যপ্রাচ্যের ইতিহাসই অসম্পূর্ণ। মুসলিম ও খ্রিষ্টানদের ১ হাজার ৪০০ বছরের সহাবস্থানের ইতিহাস কীভাবে ব্যাখ্যা করবেন?’

তিনি আরও বলেন, ‘তাঁরা আশপাশের দেশগুলো ছেড়ে চলে গেলেও এখানকার পাথর তাঁদের ইতিহাসের কথা বলবে। এখানে খ্রিষ্টান সভ্যতা ও মানুষের বসবাসের সাক্ষ্য ছড়িয়ে আছে। তাঁরা কি সেই পাথরগুলোকে একা ফেলে চলে যাবেন? ইতিহাসের সাক্ষী হিসেবে তাঁদের এখানে থাকা প্রয়োজন।’

তাঁর বক্তব্য শুধু গির্জা, মঠ কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি চান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খ্রিষ্টানদের জীবন্ত উপস্থিতি বজায় থাকুক। শত শত বছর ধরে মুসলিম ও খ্রিষ্টানদের ধর্মীয় ঐতিহ্য, সামাজিক সম্পর্ক ও দৈনন্দিন জীবন একে অপরের সঙ্গে মিশে গেছে।

ক্রাইসান্থাস বলেন, ‘আমাদের সব ঐতিহ্য একে অপরের সঙ্গে মিশে আছে। আমাদের জীবনও পরস্পরের সঙ্গে জড়িত। খ্রিষ্টানদের ছাড়া মধ্যপ্রাচ্য হবে লবণ ছাড়া খাবারের মতো। কিংবা আলোহীন কোনো জায়গার মতো। বাইবেলে বলা হয়েছে, আমরা পৃথিবীর আলো। আর ভালোবাসার মাধ্যমেই আমরা সেই আলো ছড়িয়ে দিই।’

ক্ষমা করবেন, তবে ভুলে যাবেন না
খ্রিষ্টধর্মের দুই হাজার বছরের ইতিহাসে নানা সাম্রাজ্যের উত্থান-পতন, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও নিপীড়নের মধ্যেও এ অঞ্চলের খ্রিষ্টানরা টিকে রয়েছেন বলে মনে করেন ফাদার ক্রাইসান্থাস।

তিনি বলেন, ‘দুই হাজার বছর ধরে আমরা নানা সংকটের মধ্য দিয়ে গেছি। এখনো এখানে আছি। তাই একটি হামলার কারণে আমরা ভয় পেয়ে যাব, তা আমি বিশ্বাস করি না।’

তবে সম্প্রদায়ের সদস্যদের হত্যা করা ব্যক্তিদের কীভাবে ক্ষমা করবেন, সেই প্রশ্নও সামনে এসেছে। কারণ খ্রিষ্টধর্মে ভালোবাসা ও ক্ষমার শিক্ষা দেওয়া হলেও এমন ভয়াবহ ঘটনার পর তা অনুসরণ করা সহজ নয়।

হামলার তিন দিন পর কারাকে ভোরের এক বন্দুকযুদ্ধের ঘটনায় জর্ডানের পুলিশ তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। তাঁরা দুই ভাই ও তাঁদের ভগ্নিপতি।

অভিযুক্তদের ক্ষমা করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে ক্রাইসান্থাস বলেন, ‘এখন এ বিষয়ে কথা বলা খুব কঠিন। তবে আমাদের ধর্ম ক্ষমা করতে বলে। অবশ্যই আমরা ক্ষমা করব। কারণ এটি প্রভুর নির্দেশ।’

তবে ক্ষমা করার অর্থ অপরাধ ভুলে যাওয়া কিংবা ঘটে যাওয়া অন্যায় মেনে নেওয়া নয় বলে স্পষ্ট করেন তিনি।

তাঁর ভাষায়, ‘ক্ষমা করার অর্থ ভুলে যাওয়া নয়। আবার ক্ষমা করার অর্থ যা ঘটেছে, তা মেনে নেওয়াও নয়।’

ফাদার ক্রাইসান্থাসের মতে, শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো, আহতদের সহায়তা করা এবং ধর্মীয় দায়িত্ব পালন করে যাবে গির্জা। তবে হামলাকারীদের বিচারের আওতায় আনার দায়িত্ব রাষ্ট্রের।

তিনি বলেন, ‘খ্রিষ্টান হিসেবে কিংবা একটি জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেরা কোনো পদক্ষেপ নেব না। আমরা আমাদের সরকার, সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখি। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
সূত্র: আরব নিউজ

Walton
Walton