পশ্চিম তীরের একটি গ্রামে বসতি স্থাপনকারীদের এক হামলার সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। এই হামলায় ফিলিস্তিনি ও আন্দোলনকর্মীরা জলপাই সংগ্রহ চালিয়ে যেতে পারেননি। ছবি সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের জেনিনের পশ্চিমে ইয়াবাদ শহরের কয়েকটি ফিলিস্তিনি পরিবারের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। শুক্রবার নিজেদের জমিতে জলপাই সংগ্রহের সময় তাঁদের ওপর হামলার পাশাপাশি কেটে রাখা জলপাই ও কৃষিকাজের সরঞ্জাম লুট করা হয়। স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
স্থানীয় সূত্রগুলো জানায়, হামলার শিকার পরিবারগুলোর মধ্যে রয়েছেন দুই ভাই ওয়াফিক ও মুওয়াফাক হুশিয়ার পরিবার। ইয়াবাদ শহরের পশ্চিমে খিরবেত সারুজ এলাকায় কৃষিকাজ করার সময় তাঁদের ওপর চড়াও হয় বসতি স্থাপনকারীরা। এ সময় জমি থেকে সংগ্রহ করা জলপাইয়ের একটি অংশ এবং ফসল তোলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা।
সূত্রগুলোর দাবি, গত কয়েক মাসে ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করে খিরবেত সারুজে একটি নতুন বসতি স্থাপন করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এরপর থেকেই ওই এলাকার ফিলিস্তিনি কৃষকদের জমিতে যেতে এবং জলপাই সংগ্রহে বাধা দিতে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোতে পাঁচ লাখের বেশি ইসরায়েলি বসবাস করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতিকে অবৈধ বলে বিবেচনা করা হয়। এর মধ্যে কিছু বসতি ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই গড়ে তোলা হয়েছে। এগুলো পরিচিত ‘আউটপোস্ট’ নামে।
সেনাবাহিনী অভিযান চালানোর পর গ্রামে হামলা
এদিকে, অবৈধ বসতি স্থাপনা উচ্ছেদের পর বৃহস্পতিবার পশ্চিম তীরের আতারা গ্রামে হামলা চালিয়ে পাঁচ ফিলিস্তিনিকে আহত করেছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মানবাধিকার সংগঠন ইয়েশ দিন এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে অনুমতি ছাড়া নির্মিত দুটি বসতি স্থাপনা তারা ভেঙে দিয়েছে। এর মধ্যে আতারা গ্রামের কাছের একটি স্থাপনাও ছিল।
ইয়েশ দিন এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনী এলাকা ছেড়ে যাওয়ার পর লাঠি, কাঁদানে গ্যাস ও পাথর নিয়ে কয়েক ডজন বসতি স্থাপনকারী আতারা গ্রামে ঢুকে পড়ে। হামলায় আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের একজনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তাঁর অবস্থা গুরুতর।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহত ব্যক্তিদের একজনের বয়স ৬৭ বছর।
ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, অভিযানের সময় দুটি অবৈধ বসতি থেকে তাঁবু, যানবাহন ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। আতারা এলাকায় অভিযান চালানোর সময় কয়েকজন ইসরায়েলি দাঙ্গাকারী বিভিন্ন স্থাপনার ভেতরে অবস্থান নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
আতারা গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আবদেলহাদি আতরি জানান, সেনাবাহিনী এলাকায় পৌঁছানোর পরপরই বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘরে ঢুকে ভাঙচুর চালায়।
তিনি বলেন, ‘উচ্ছেদ অভিযান শুরুর আগে সেনাবাহিনী গ্রামের কয়েকটি প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল। এতে হামলাকারীরা বাধাহীনভাবে গ্রামে ঢুকে তাণ্ডব চালানোর সুযোগ পায়।’
হামলার ভয়াবহতা তুলে ধরে আতরি আরও বলেন, ‘শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। বসতি স্থাপনকারীরা বাড়ির দরজা উপড়ে ফেলে। কয়েকটি বাড়ির দরজা ভেঙে ফেলার পাশাপাশি সব জানালার কাচও চূর্ণবিচূর্ণ করে দেয়।’
পশ্চিম তীরে নিহত ১১০০-এর বেশি ফিলিস্তিনি
২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক হামাসের ইসরায়েলে হামলার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে এক হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই ইসরায়েলি সেনাদের অভিযানে প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ বাড়ছে। গত সেপ্টেম্বর যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশ পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করে।




