হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি সংগৃহীত
সৌদি আরবের ইয়ানবু এলাকায় একটি তেল সরবরাহ স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের ইয়ানবু এলাকায় অবস্থিত একটি তেল পাম্পিং স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। তাঁর দাবি, অভিযানটি নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।
এক বিবৃতিতে সারি বলেন, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো নির্ধারিত স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে মক্কা অঞ্চলে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতি গোষ্ঠী। সৌদি আরবের পক্ষ থেকে মক্কার আকাশে একটি ড্রোন প্রতিহত করার যে দাবি করা হয়েছে, সেটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন সারি।
তিনি বলেন, মক্কার আকাশে ড্রোন ভূপাতিত করার বিষয়ে সৌদি আরবের দাবি আরেকটি সাজানো বক্তব্য। এটি তাদের নৈতিক অবক্ষয়েরই ধারাবাহিকতা। তাঁর দাবি, বিশ্বের কেউ এখন আর এসব অপপ্রচার ও মিথ্যা বিশ্বাস করে না।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়াহিয়া সারি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলাটি সফল হয়েছে।
তবে ইয়ানবুর তেল স্থাপনা ও রিয়াদের বিমানবন্দরে হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা ক্ষয়ক্ষতির তথ্য এই প্রতিবেদন তৈরির সময় পাওয়া যায়নি।




