Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৬ ১৪৩৩, বুধবার ১১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের উত্তরাঞ্চলে আজ থেকে বৃষ্টি, পাহাড়ে তুষারপাতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ১১ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

পাকিস্তানের উত্তরাঞ্চলে আজ থেকে বৃষ্টি, পাহাড়ে তুষারপাতের আশঙ্কা

ছবি সংগৃহীত

পাকিস্তানের উত্তর ও উচ্চাঞ্চলে আজ থেকে শুরু হতে পারে বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়। পাহাড়ি এলাকায় তুষারপাতেরও পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)। আগামী দুই থেকে তিন দিন এই আবহাওয়া বিরাজ করতে পারে। পরিস্থিতি বিবেচনায় পাহাড়ি এলাকাসহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের দিকে একটি দুর্বল পশ্চিমা লঘুচাপ এগিয়ে আসছে। ১২ নভেম্বর এটি আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে দেশের উচ্চাঞ্চলে ১৪ নভেম্বর সকাল পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

খাইবার পাখতুনখাওয়ায় বৃষ্টি ও বজ্রঝড়

এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে খাইবার পাখতুনখাওয়ার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিও হতে পারে।

অঞ্চলটির দির, চিত্রল, সোয়াত, কোহিস্তান, শাংলা, বাট্টাগ্রাম, মানসেহরা, অ্যাবোটাবাদ, হারিপুর, বুনের, মালাকান্দ, বাজাউর, মোহমান্দ, কোহাট, পেশোয়ার, চরসাদ্দা, নওশেরা, মারদান, সোয়াবি, খাইবার, ওরাকজাই, কুররাম, হাঙ্গু, লাক্কি মারওয়াত, কারাক, বান্নু, ডেরা ইসমাইল খান ও ওয়াজিরিস্তানে এ পরিস্থিতি তৈরি হতে পারে।

১০ নভেম্বর সন্ধ্যা বা রাত থেকে ১৪ নভেম্বর সকাল পর্যন্ত বিরতি দিয়ে বৃষ্টি হতে পারে। এ সময় পার্বত্য এলাকাগুলোতে তুষারপাতের আশঙ্কাও রয়েছে।

পাঞ্জাব ও ইসলামাবাদে দুই দিন বৃষ্টির আভাস

পাঞ্জাব ও রাজধানী ইসলামাবাদে আজ বুধবার হালকা বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রঝড় হতে পারে। ইসলামাবাদ, পোটোহার অঞ্চল, মিয়ানওয়ালি, খুশাব, ভাক্কার, সারগোধা, মুররি ও আশপাশের এলাকায় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

১২ ও ১৩ নভেম্বর বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, মুররি, গ্যালিয়াত, অ্যাটক, চাকওয়াল, ঝিলাম, মান্ডি বাহাউদ্দিন, গুজরাট, গুজরানওয়ালা, হাফিজাবাদ, ওয়াজিরাবাদ, লাহোর, কাসুর, শেখুপুরা, শিয়ালকোট, নারোয়াল, মিয়ানওয়ালি, খুশাব ও সারগোধায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে।

এদিকে ১২ নভেম্বর ডেরা গাজি খান, লায়া, ভাক্কার ও মুলতানেও বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও করছে আবহাওয়া অধিদপ্তর।

পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে

আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি পাহাড়ের ওপর তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজাদ কাশ্মীরের নীলম উপত্যকা, মুজাফফরাবাদ, রাওয়ালাকোট, পুঞ্চ, হাত্তিয়ান, বাঘ, হাভেলি, সুধানতি, কোটলি, ভিম্বার ও মিরপুরে আবহাওয়ার এই পরিবর্তন দেখা দিতে পারে।

গিলগিট-বালতিস্তানের দিয়ামির, আস্তোর, ঘিজার, স্কার্দু, হুনজা, গিলগিট, ঘাঞ্চে ও শিগারেও বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা রয়েছে। ১৪ নভেম্বর বিকেল পর্যন্ত থেমে থেমে এই পরিস্থিতি চলতে পারে।

সিন্ধু ও বেলুচিস্তানের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া

দেশটির সিন্ধু ও বেলুচিস্তানের অধিকাংশ জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বেলুচিস্তানের কয়েকটি এলাকায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

১১ নভেম্বর রাত ও ১২ নভেম্বর দুকি, হারনাই, পিশিন, শেরানি, সুরাব, ঝোব, বারখান, মুসাখেল, কোয়েটা, জিয়ারাত, চামান, কিলা আবদুল্লাহ, কিলা সাইফুল্লাহ, কালাত ও খুজদারে বৃষ্টিপাত হতে পারে।

তাপমাত্রা কমবে ২ থেকে ৪ ডিগ্রি

আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে কৃষকদের কৃষিকাজের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের এই সময়ে উঁচু পাহাড় ও হিমবাহসংলগ্ন এলাকায় হালকা তুষারপাত হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বৃষ্টির পর দেশের সমতল অঞ্চলের কিছু এলাকায় কুয়াশা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্বাভাসের সময়জুড়ে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রাদেশিক ও জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে প্রতিকূল আবহাওয়ায় কোনো দুর্ঘটনা না ঘটে।

সূত্র: ডন

Walton
Walton