Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৬ ১৪৩৩, বুধবার ১১ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ে সংসদে উত্তাপ, মুখোমুখি সরকার-বিরোধীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ১১ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

আইনশৃঙ্খলা নিয়ে সংসদে উত্তাপ, মুখোমুখি সরকার-বিরোধীরা

ছবি সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়েছে। বিরোধীদের অভিযোগ, একের পর এক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় জননিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, বিচ্ছিন্ন কয়েকটি নাশকতার ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিক পরিস্থিতিকে ভয়াবহ বলার সুযোগ নেই। অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরাসরি সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা দৃশ্যমান হচ্ছে না।

তিনি বলেন, বিরোধী দল হিসেবে সরকারের ব্যর্থতার দায় নিতে চান না তাঁরা। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিরোধী দলও নীরব দর্শকের ভূমিকায় থাকবে না।

সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির উদাহরণ দিতে গিয়ে জামায়াত আমির আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তর এবং থানার ফটকের কাছে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর মতে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের উদ্বেগ অস্বাভাবিক নয়।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও তোলেন তিনি। বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টিও সংসদে তুলে ধরেন।

এসব ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ার অভিযোগ করেন শফিকুর রহমান। তাঁর প্রশ্ন, পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসারসহ এতগুলো বাহিনী দায়িত্বে থাকার পরও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঠেকানো যাচ্ছে না কেন?

সরকারের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করে একই অধিবেশনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে গোপনে হামলা চালাচ্ছে।

বাসে অগ্নিসংযোগ, প্রাণহানির খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের বিষয়গুলো উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে হামলার অভিযোগও সংসদে তুলে ধরেন।

বিরোধী দলের দুই নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাতের অন্ধকারে একটি-দুটি গাড়িতে আগুন কিংবা দু-একটি ককটেল বিস্ফোরণের কারণে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল বলা যৌক্তিক নয়।

তাঁর ভাষায়, বিচ্ছিন্ন ও প্রতীকী কয়েকটি ঘটনাকে একত্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ হিসেবে তুলে ধরা বাস্তবসম্মত নয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি নিয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার সুযোগও সংসদে চান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রয়োজন হলে বুধবার সংসদের কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সেই শক্তিকে আবার ফিরে আসার সুযোগ তৈরির চেষ্টা হলে তা জাতির সামনে উন্মোচন করা হবে।

দেশের ভেতরে, সীমান্তের বাইরে কিংবা একাধিক পক্ষের সম্মিলিত উদ্যোগে কোনো ষড়যন্ত্রই বাস্তবায়িত হতে দেওয়া হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি।

সংসদের এই বিতর্কে মূলত দুটি ভিন্ন রাজনৈতিক অবস্থান সামনে এসেছে। বিরোধীরা নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সরকারের জবাবদিহির প্রশ্ন তুলছে; সরকার বলছে, বিচ্ছিন্ন নাশকতাকে সামগ্রিক অস্থিতিশীলতা হিসেবে দেখার অবকাশ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বার্তা দিলেও সরকারের কাছে বিরোধীদের দাবি-নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলা ও নাশকতার ঘটনাগুলোর সুনির্দিষ্ট জবাব দিতে হবে।

Walton
Walton