ছবি সংগৃহীত
রাতের নিস্তব্ধতা ভেঙে গুলশানের ওয়েস্টিন হোটেলের সামনে ভেসে আসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। সঙ্গে ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’-এমন রাজনৈতিক স্লোগানও। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরের এই ঘটনাকে কেন্দ্র করে তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নেতা। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে থাকা আরও চার যুবক পালিয়ে যান।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরসংলগ্ন ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে আটক ব্যক্তিদের গুলশান থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক তিনজন হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।
ঘটনার বর্ণনা দিয়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম (রাজীব পাটোয়ারী) জানান, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজনকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে দেখে গাড়ি থামান।
যুবকদের পরিচয় ও স্লোগান দেওয়ার কারণ জানতে চাইলে পরিস্থিতি পাল্টে যায়। চারজন মোটরসাইকেলে দ্রুত সেখান থেকে সরে পড়েন। বাকি তিনজনকে আটকে রেখে পুলিশকে খবর দেন তিনি।
রাজীব পাটোয়ারীর ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। এ সময় ওই তিন যুবক দাবি করেন, অতিরিক্ত মদ্যপ অবস্থায় তাঁরা না বুঝেই স্লোগান দিয়েছেন। এ জন্য দুঃখ প্রকাশও করেন তাঁরা। পরে তাঁদের থানায় নেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা এক সাংবাদিকও স্লোগান, ধাওয়া এবং চারজনের মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে জানান। তাঁর বর্ণনায়, তিনজনকে আটকে রাখার পর স্থানীয় উৎসুক মানুষ সেখানে জড়ো হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন যুবককে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কোন নির্দিষ্ট অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি ওসি। ফলে আটক তিন যুবকের বিরুদ্ধে চূড়ান্ত আইনি পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।




