যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে অনিয়মের অভিযোগে একটি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীকে গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ওই কর্মকর্তাকে বলেছিলেন, ‘কারাগারে যাওয়ার প্রস্তুতি নিন। যাওয়ার আগে স্ত্রীকে একবার চুমু দিয়ে আসুন।’ ট্রাম্পের দাবি, তাঁর এই কঠোর হুঁশিয়ারির পর রাতারাতি বদলে যান ওই নির্বাহী।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘটনা প্রকাশ করেন ট্রাম্প। তিনি জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে একটি প্রতিষ্ঠান গুরুতর কিছু করছে বলে হোয়াইট হাউসের কাছে অভিযোগ এসেছিল। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে সরাসরি সতর্ক করার সিদ্ধান্ত নেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে খবর এসেছিল, কেউ একজন এআই ব্যবহার করে খারাপ কিছু করছেন। বিষয়টি জানার পর আমরা তাঁকে কঠোরভাবে ফোন করে বলেছিলাম, কারাগারে যাওয়ার প্রস্তুতি নিন। যাওয়ার আগে স্ত্রীকে একবার চুমু দিয়ে আসুন।’
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, ওই কর্মকর্তাকে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য মাত্র এক রাত সময় দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ‘আমরা তাঁকে বলেছিলাম, এখনই বাড়ি চলে যান। স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করুন। তাদের চুমু দিয়ে শুভরাত্রি জানান। কারণ, আগামীকাল সকালে আপনাকে কারাগারে যেতে হবে।’
কে সেই এআই নির্বাহী?
সাক্ষাৎকারে ট্রাম্প ওই কর্মকর্তার নাম প্রকাশ করেননি। শুধু বলেছেন, তিনি বিশ্বের বড় এআই প্রতিষ্ঠানগুলোর একটির শীর্ষ ব্যক্তি। ট্রাম্পের দাবি, তাঁর হুঁশিয়ারির পর ওই নির্বাহী নিজের অবস্থান পুরোপুরি বদলে ফেলেন। এআই প্রযুক্তির ঝুঁকি মোকাবিলায় বিচার বিভাগও কাজ করছে বলে জানান তিনি।
তবে ওই কর্মকর্তার পরিচয় নিয়ে প্রযুক্তি অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। সম্ভাব্য কয়েকজনের নাম সামনে এলেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
অ্যাপলের চেয়ারম্যান টিম কুকের সন্তান নেই। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের ছেলে থাকলেও তাঁর স্বামী অলিভার মুলহারিন। ইলন মাস্কের একাধিক সন্তান থাকলেও তিনি বর্তমানে বিবাহিত নন।
অন্যদিকে, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং-দুজনই বিবাহিত ও সন্তানের বাবা। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই বিবাহিত হলেও তাঁর সন্তান রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে এআই নিরাপত্তা নিয়ে অতীতে অ্যানথ্রপিকের বিরোধও তৈরি হয়েছিল। তবে এসব তথ্যের কোনোটিই ওই নির্বাহীর পরিচয় নিশ্চিত করে না। সম্ভাব্য ব্যক্তিদের নিয়ে আলোচনা এখনো অনুমাননির্ভর।
চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চান না ট্রাম্প
সাক্ষাৎকারে এআই নিরাপত্তা নিয়ে গবেষকদের উদ্বেগের বিষয়েও প্রশ্ন করা হয় ট্রাম্পকে। প্রযুক্তিটির সম্ভাব্য বিপদ নিয়ে সতর্কবার্তা দিলেও মার্কিন প্রেসিডেন্টের কাছে এখন সবচেয়ে বড় বিবেচনা চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকা।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এআই প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়লে চীন সেই জায়গা দখল করবে। এতে ওয়াশিংটন বড় ধরনের কৌশলগত অসুবিধায় পড়বে। তাঁর ভাষায়, এই প্রতিযোগিতায় মূল লড়াই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। অন্য কোনো দেশ তাদের সমপর্যায়ে নেই।
এআইয়ের কারণে কয়েক বছরের মধ্যে মানবসভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে-গবেষকদের এমন আশঙ্কাকেও খুব বেশি বাস্তবসম্মত বলে মনে করেন না ট্রাম্প।
তিনি বলেন, এআই নিয়ে যে মাত্রায় ঝুঁকির কথা বলা হচ্ছে, বাস্তবে বিপদ ততটা বড় নয়। তাঁর মতে, যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এই ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।
এআই নিরাপত্তায় ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে রাজি
এআই প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। এ ক্ষেত্রে প্রযুক্তির ওপর কিছু নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ আরোপেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন।
তবে সেই নিয়ন্ত্রণ যেন যুক্তরাষ্ট্রকে চীনের তুলনায় পিছিয়ে না দেয়, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি।
ট্রাম্প বলেন, এআইয়ের ক্ষেত্রে কিছু নিরাপত্তাবিধি থাকা উচিত। কিন্তু সেগুলো এমন হওয়া চলবে না, যাতে যুক্তরাষ্ট্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। তাঁর অভিযোগ, চীনে এ ধরনের নিয়ন্ত্রণের ধরন সম্পূর্ণ আলাদা। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সিদ্ধান্তই শেষ কথা।
এআই নীতিতে ট্রাম্প প্রশাসনের অবস্থান
এআই প্রযুক্তি নিয়ন্ত্রণের প্রশ্নে ডেমোক্র্যাটদের অবস্থান ট্রাম্প প্রশাসনের তুলনায় তুলনামূলকভাবে কঠোর। ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে প্রযুক্তিটির উন্নয়ন ও ব্যবহার এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছে।
গত সেপ্টেম্বরে নিরাপদ এআই উন্নয়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠান স্বেচ্ছামূলক একটি সমঝোতায়ও সই করে।
সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্যে এআই নিয়ে তাঁর প্রশাসনের দ্বিমুখী অগ্রাধিকারের বিষয়টি উঠে এসেছে। একদিকে প্রযুক্তিটির সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা বলছেন তিনি, অন্যদিকে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখতে চান। তাঁর কাছে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।




