ছবি সংগৃহীত
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট ও সরকারি সেবার দুরবস্থা নিয়ে শুরু হওয়া বিক্ষোভের ঢেউ এখন ছড়িয়ে পড়েছে গোটা ইউরোপে। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ৩১টি দেশে অন্তত ১ হাজার ৭০০টি বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। তবে স্পেন, ইতালি, জার্মানি ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশেও বাড়ছে অসন্তোষ।
প্রায় দুই মাস আগে ফ্রান্সের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বেহাল দশা, অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং শিক্ষকসংকটের প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেছিলেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আন্দোলন আর শিক্ষার্থীদের দাবিতে সীমাবদ্ধ থাকেনি। জ্বালানির বাড়তি দাম, কম মজুরি, সামাজিক আবাসনের সংকট এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভে যোগ দিয়েছেন শ্রমিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্দোলনে যুক্ত হয়েছেন দেশটির আলোচিত ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের কর্মীরাও।
গত শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নেন ১ লাখ ৪৬ হাজার মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শুধু প্যারিসেই সমবেত হয়েছিলেন ৪৬ হাজার মানুষ। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, সারা দেশে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার, যার মধ্যে প্যারিসে ছিলেন ৭৫ হাজার।
আগের কয়েক সপ্তাহের তুলনায় শনিবারের জমায়েত কিছুটা ছোট হলেও পরিস্থিতি শান্ত ছিল না। প্যারিসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিওঁর কেন্দ্রেও সড়ক অবরোধ করে রাখা কয়েক শ মানুষের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এর আগে শ্রমিক সংগঠনগুলোর ডাকা একটি সমাবেশে আনুমানিক ৫ লাখ ৭৫ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। ওই পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
বিক্ষোভের অনেক জায়গায় ভাঙচুর, লুটপাট ও সহিংসতার ঘটনাও ঘটেছে। অন্যদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। ব্যারিকেড বসানো, কাঁদানে গ্যাস ছোড়া ও লাঠিচার্জের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন অধিকারকর্মীরাও।
ফ্রান্সে প্রতিদিন বিক্ষোভের হার তিন গুণের বেশি
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে ১০০ বা তার বেশি মানুষের অংশগ্রহণে ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। শিক্ষা, সরকারি পরিষেবা এবং জীবনযাত্রার ব্যয় ছিল এসব আন্দোলনের প্রধান ইস্যু।
শুরুতে বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষকস্বল্পতা এবং জরাজীর্ণ ভবন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনে যুক্ত হয় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ। শ্রমিক সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীদের অংশগ্রহণে তা আরও বিস্তৃত হয়। বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
ফরাসি সরকারের হিসাব অনুযায়ী, শুধু ১৭ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ৫ লাখের বেশি মানুষ।
এসিএলইডির প্রধান নির্বাহী ক্লিওনাধ র্যালি ১৯ অক্টোবর জানান, গত পাঁচ বছরে ফ্রান্সে প্রতিদিন গড়ে ২০ দশমিক ৫টি বিক্ষোভের ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি। কিন্তু চলমান আন্দোলনের সময় দৈনিক এই সংখ্যা বেড়ে প্রায় ৬৬টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ স্বাভাবিক সময়ের তুলনায় বিক্ষোভের হার তিন গুণেরও বেশি।
র্যালির ভাষ্য অনুযায়ী, সাধারণত একটি বিক্ষোভের ধারাবাহিকতা প্রায় ২০ দিন স্থায়ী হয়। বড় আন্দোলনের ক্ষেত্রে তা গড়ে ৩৬ দিন পর্যন্ত গড়ায়। অথচ ফ্রান্সের এবারের আন্দোলন ৪৫ দিন পার করেও থামেনি।
তবে এবারের আন্দোলনের সবচেয়ে উদ্বেগজনক দিক সহিংস সংঘর্ষের মাত্রা। র্যালি বলেন, এসিএলইডির হিসাবে চলমান বিক্ষোভের ২৪ দশমিক ২ শতাংশ ঘটনাকে দাঙ্গা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। আগের আন্দোলনগুলোর ক্ষেত্রে এই হার ছিল মধ্যম হিসাবে মাত্র ১ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালে নাহেল মেরজুকের মৃত্যুর পর ফ্রান্সে যে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, শুধু সেই আন্দোলনেই দাঙ্গার হার এর চেয়ে বেশি ছিল।
পুলিশের ভূমিকা নিয়ে জাতিসংঘের উদ্বেগ
বিক্ষোভ দমনে ফরাসি পুলিশের আচরণ নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৮ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার পরিষদের দায়িত্বপ্রাপ্ত চারজন বিশেষজ্ঞ ফরাসি কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন দমনে ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন।
এক বিবৃতিতে তাঁরা বলেন, কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার ও আটক করার ঘটনা, যাঁদের বড় অংশই অপ্রাপ্তবয়স্ক, পরিস্থিতির তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে।
উত্তর ফ্রান্সের লিল শহরে পুলিশের সঙ্গে স্কুলশিক্ষার্থীদের সংঘর্ষের সময় গ্রেনেড বিস্ফোরণে এক কিশোরের হাত উড়ে যাওয়ার ঘটনাও আন্দোলনের সহিংস পরিস্থিতিকে সামনে এনেছে।
১৮ অক্টোবর প্যারিসের প্লাস দে লা রিপাবলিক এলাকায় সংঘর্ষের পর ভাঙচুর করা একটি গাড়ির ওপর হলুদ জ্যাকেট রাখা অবস্থায় দেখা যায়। সেখানে থাকা জ্যাকেটটির পেছনে লেখা ছিল, ‘১৯৬১ সালে পুলিশ আলজেরীয় নারীদের ডুবিয়ে হত্যা করেছিল।’ আগের দিন জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে চলা আন্দোলনের পরদিন এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের আলোকচিত্রী আবদুল সাবুর ওই দৃশ্য ধারণ করেন।
২৪ অক্টোবর রেন শহরেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলাকালে এক পুলিশ সদস্যকে এক বিক্ষোভকারীর দিকে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে দেখা যায়।
ফ্রান্সের আন্দোলন ছড়িয়েছে আরও ৩০ দেশে
ইউরোপের অন্য দেশগুলোতেও একই ধরনের ক্ষোভ জমছে। পর্তুগাল থেকে পোল্যান্ড পর্যন্ত অন্তত ৩০টি দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং সরকারি পরিষেবার ঘাটতি নিয়ে মানুষ রাজপথে নেমেছে।
এসিএলইডির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে ১০০ বা তার বেশি মানুষের অংশগ্রহণে ১ হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব আন্দোলনের ব্যাপ্তি ফ্রান্সের মতো বড় না হলেও ইউরোপজুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে।
প্যারিসভিত্তিক এইচইসি বিজনেস স্কুলের ইউরোপীয় ইউনিয়নবিষয়ক আইন ও নীতির অধ্যাপক আলবার্তো আলেমান্নো গত মাসে আলজাজিরাকে বলেন, ফ্রান্সের আন্দোলনই এখন এই বিক্ষোভের মূল কেন্দ্র। তবে এর প্রভাব যে দেশের সীমানা ছাড়িয়ে যাচ্ছে, তার লক্ষণও স্পষ্ট।
তিনি বলেন, ‘ফ্রান্স এই আন্দোলনের কেন্দ্রবিন্দু... আর এখন এমন লক্ষণ দেখা যাচ্ছে যে আন্দোলনটি ফ্রান্সের বাইরেও ছড়িয়ে পড়ছে।’
বিক্ষোভে সবার ওপরে ফ্রান্স, এরপর স্পেন ও ইতালি
এসিএলইডির পরিসংখ্যান অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময়ে দেশটিতে ১ হাজার ২০০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন, যেখানে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৭৩টি। ইতালিতে এ সংখ্যা ১৬০। এ ছাড়া জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা রেকর্ড করেছে সংস্থাটি।
দেশগুলোর আন্দোলনের পেছনে কারণের মিল রয়েছে। শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়া এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া বাড়িভাড়া ও আবাসনব্যবস্থা-এসব বিষয় ক্ষোভ বাড়াচ্ছে।
স্পেনে অক্টোবরের শুরুর দিকে কয়েক দশ হাজার মানুষ রাজপথে নামেন। ২ অক্টোবর দেশটির পার্লামেন্ট আবাসন সংকট মোকাবিলায় আনা দুটি জরুরি অধ্যাদেশ প্রত্যাখ্যান করার পর এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সংখ্যালঘু সরকার বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খায়।
ইতালিতেও জীবনযাত্রার ব্যয় ও নাগালের বাইরে চলে যাওয়া বাড়িভাড়ার প্রতিবাদে আন্দোলন জোরালো হয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
১৭ অক্টোবর মিলানের পিয়াচা দুওমোতে ‘ইতালিয়া ইন পিয়াচা’ আন্দোলনের আয়োজনে সরকারবিরোধী বিক্ষোভ হয়। ফ্রান্স ও স্পেনের সাম্প্রতিক আন্দোলনে অনুপ্রাণিত হয়ে সেখানে অংশগ্রহণকারীরা বাড়তি জীবনযাত্রার ব্যয়, কম মজুরি, উচ্চ বাড়িভাড়া এবং সরকারি পরিষেবার ঘাটতির প্রতিবাদ জানান। তাঁদের দাবি ছিল, মানুষের জীবনযাত্রা ও কর্মপরিবেশের উন্নতি নিশ্চিত করতে হবে।
পর্তুগালেও পরিস্থিতি ভিন্ন নয়। দেশটির বড় শহরগুলোতে আবাসন পাওয়া কঠিন হয়ে পড়া, কম মজুরি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে কয়েক দশ হাজার মানুষ মিছিল করেছেন।
ফ্রান্সে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের দুরবস্থা নিয়ে শুরু হওয়া আন্দোলন এখন আর শুধু শিক্ষা বা জ্বালানির দামের প্রশ্নে আটকে নেই। ইউরোপের বিভিন্ন দেশের রাজপথে একই সময়ে মানুষের উপস্থিতি দেখাচ্ছে, জীবনযাত্রার ব্যয়, আবাসন ও সরকারি পরিষেবা নিয়ে জমে থাকা ক্ষোভ ক্রমেই বড় রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ হয়ে উঠছে।
সূত্র: আলজাজিরা




