চিত্রনায়িকা পরীমনি ছবি সংগৃহীত
সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে তাঁকে।
রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে এ নোটিশ পাঠান। শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে পরীমনিকে ভবিষ্যতে অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য এবং শিল্প বা শিক্ষাগত মূল্য নেই-এমন কোনো দৃশ্য, ভিডিও, অডিও, স্থিরচিত্র বা গ্রাফিকসের মাধ্যমে এসব উপস্থাপন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে শোকজ নোটিশ দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।




