Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৩ ১৪৩৩, রোববার ০৮ নভেম্বর ২০২৬

সৌদিতে নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানাল কনস্যুলেট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

সৌদিতে নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানাল কনস্যুলেট

ছবি সংগৃহীত

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহত ব্যক্তিরা সবাই একই এলাকার বাসিন্দা এবং তিনটি পরিবারের সদস্য।

গতকাল শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা সবাই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাঁদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে জিয়াউর রহমানের পরিবারের চারজন, আলম শাহের পরিবারের দুজন এবং ইলিয়াসের পরিবারের একজন রয়েছেন।

জিয়াউর রহমানের পরিবারের নিহত চারজন হলেন জিয়াউর রহমান, তাঁর মেয়ে বুশরা এবং দুই ছেলে ইয়াসির ও ইয়াযান। তাঁদের মরদেহ আল-হিমনা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এ পরিবারের আহত দুজন হলেন জিয়াউর রহমানের স্ত্রী শাকিরা ও মেয়ে ইউসরা। শাকিরা খোলাইস জেনারেল হাসপাতাল এবং ইউসরা জেদ্দার কিং আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন।

আলম শাহের পরিবারের নিহত দুজন হলেন তাঁর স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়া। তাঁদের মরদেহ যথাক্রমে আল-হিমনা ও খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে আলম শাহ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তাঁর ছেলে ফায়সাল ইস্ট জেদ্দা হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। কয়েক দিন আগে ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরবে গিয়েছিলেন। তাঁর মরদেহ খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত ইলিয়াস প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

এ ছাড়া দুর্ঘটনায় আহত আরেক বাংলাদেশি গফুর আলম খোলাইস জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি চালাচ্ছিলেন একজন পাকিস্তানি নাগরিক। দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। ট্রাফিক পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়।

তবে চালকের দাবি, গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Walton
Walton