Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৯ ১৪৩৩, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ায় কারখানায় আগুন, নিহত বাংলাদেশি বেড়ে ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

রাশিয়ায় কারখানায় আগুন, নিহত বাংলাদেশি বেড়ে ৪

ছবি: সংগৃহীত

রাশিয়ার আমুর অঞ্চলে গ্যাস-রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মাহিন উদ্দিনের মৃত্যুতে এ ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

রাশিয়ার আমুর অঞ্চলের সভোবোদনি শহরের কাছে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) গত ২৫ অগাস্ট আগুন লাগে।

পরদিন এক বিবৃতিতে প্রথমে চীনের ছয় নাগরিকসহ ৭ জনের মৃত্যুর খবর দেয় এজিসিসি। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ানোর তথ্য টেলিগ্রাম চ্যানেলে দেয় তারা। সেখানে বলা হয়, মারা যাওয়াদের মধ্যে ১৪ জনই বিদেশি।

পাইরোলাইসিস ইউনিটের একটি সহায়ক অংশ থেকে প্রথমে আগুনের সূত্রপাত, পরে তা ছড়িয়ে পড়ে। তবে আগুনে কমপ্লেক্সের মূল যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়নি।

ঘটনার দুদিন পর ২৭ অগাস্ট এক বাংলাদেশির মৃত্যু এবং আরেকজনের নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছিলেন মস্কো বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মিজান। পরে ওই দুইজনের পাশাপাশি আব্দুল কুদ্দুস নামে তৃতীয় আরেকজনের মৃত্যু হয়।

২৬ ও ২৭ অগাস্ট মৃত্যু নিশ্চিত হওয়া জাকির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে এবং মো. আলাল হোসেন রাজুর বাড়ি মেহেরপুরের গাংনিতে। আর আব্দুল কুদ্দুসের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হুগলবাড়ীয়ায়।

Walton
Walton