Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৫ ১৪৩৩, বুধবার ২১ অক্টোবর ২০২৬

আজ বিজয়া দশমী: বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে দুর্গোৎসব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ২১ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

আজ বিজয়া দশমী: বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে দুর্গোৎসব

ফাইল ফটো

আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার (২১ অক্টোবর) শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা ও আনন্দ-উৎসব শেষে আজ মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা।

এদিকে, বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন ভক্তরা। বিদায়বেলায় দেবীকে শেষবারের মতো দর্শন করে পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করছেন তারা।

মহানগর সার্বজনীন পূজা কমিটি ও ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনের প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন করার কথা রয়েছে।

বিজয়া দশমীর অন্যতম আকর্ষণ ‘দেবী বরণ’ ও ‘সিঁদুর খেলা’। প্রতিমা বিসর্জনের আগে বিবাহিত নারীরা দেবীকে সিঁদুর পরিয়ে ও মিষ্টি নিবেদন করে বিদায় জানান। এ সময় তারা স্বামীর দীর্ঘায়ু, পরিবারের কল্যাণ ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।

পরে দেবীর চরণে সিঁদুর ছুঁইয়ে একে অপরের কপালে ও গালে সিঁদুর মেখে আনন্দ ভাগাভাগি করেন নারীরা। নাচ, গান ও মিষ্টিমুখের মধ্য দিয়ে চলে এই আয়োজন। বিবাহিত নারীদের পাশাপাশি অবিবাহিত তরুণীসহ অন্য ভক্তরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় দেবী বরণ এবং দুপুর ১২টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিকেলে শুরু হবে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন। মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে রাজধানীর পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়ে সদরঘাটের ওয়াইজ ঘাটে পৌঁছাবে। সেখানে বিকেল ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সারা দেশে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।

শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন ঘটেছিল ঘোটকে বা ঘোড়ায় এবং বিদায় নিচ্ছেন নৌকায় চড়ে।

এর আগে, গত ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়। এরপর ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হয় মূল পূজার আনুষ্ঠানিকতা। ১৭ অক্টোবর মহাসপ্তমী, ১৮ অক্টোবর মহাসপ্তমীর অতিরিক্ত পূজা, ১৯ অক্টোবর মহাষ্টমী ও সন্ধিপূজা এবং ২০ অক্টোবর মহানবমীর নানা আয়োজন শেষে আজ বিজয়া দশমীতে সমাপ্ত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
 

Walton
Walton