দাঙ্গা-লুটপাটের মধ্যেই মাঠে গড়াচ্ছে পিএসজি-বার্সা ম্যাচ
স্পোর্টস ডেস্ক
ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটে যখন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মাঠে গড়াচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, মঙ্গলবার রাতে পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। তবে পরিস্থিতির কারণে ম্যাচ ঘিরে নেওয়া হবে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
সপ্তাহান্তে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভের সঙ্গে সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনার ছবি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়, তাতে সামনে এসেছে দেশটির উত্তপ্ত সামাজিক পরিস্থিতিও। সোমবার ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানান, নতুন করে দাঙ্গা ও লুটপাট ঠেকাতে বিভিন্ন শহরের নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ও স্থানীয়ভাবে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন তিনি।
এমন পরিস্থিতিতে পিএসজি-বার্সেলোনা ম্যাচ ঘিরে বাড়তি সতর্কতা নিচ্ছে কর্তৃপক্ষ। কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ সামলাতে গিয়ে পুলিশ বাহিনী এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে বড় এই ম্যাচে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েনের প্রয়োজন হবে।
গত মে মাসেও পিএসজির দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উদযাপন সহিংসতায় বিঘ্নিত হয়েছিল। সে সময় প্যারিসে কয়েক ডজন মানুষকে আটক করে পুলিশ। একদল লোক একটি পুলিশ স্টেশনে ঢোকারও চেষ্টা করেছিল।
সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, ফুটবল ম্যাচসহ বিভিন্ন পূর্বনির্ধারিত আয়োজন বাতিল করার সম্ভাবনা আলোচনায় এসেছিল। তবে পিএসজি ও বার্সেলোনার ম্যাচের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
নুনেজ বলেছেন, ‘আগামীকাল পিএসজি ও এফসি বার্সেলোনার ম্যাচের ক্ষেত্রে এটি প্রযোজ্য হচ্ছে না।’ চলতি সপ্তাহে ইউরোপীয় প্রতিযোগিতার অন্য ম্যাচগুলোও নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
দেশের অস্থির পরিস্থিতি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নে পিএসজি কোচ লুইস এনরিকে জানান, এতে তাদের মনোযোগে ব্যাঘাত ঘটবে না। সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও আপাতত ফুটবলেই মনোযোগ রাখতে চান তিনি।
এনরিকে বলেছেন, ‘এ বিষয়ে কথা বলার জন্য আমি সঠিক ব্যক্তি নই। এখানে ফুটবল নিয়ে কথা বলতে এসেছি। অবশ্যই আমরা এই সহিংসতা পছন্দ করি না, কিন্তু সমাজে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আমাদের শুধু ম্যাচের দিকে মনোযোগ ধরে রাখতে হবে।’




