Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৯ ১৪৩৩, শনিবার ১৫ আগস্ট ২০২৬

রোনালদো-জর্জিনার বিয়েতে গোপন চুক্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ১৪ আগস্ট ২০২৬

প্রিন্ট:

রোনালদো-জর্জিনার বিয়েতে গোপন চুক্তি

ফাইল ছবি

প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১ই আগস্ট পর্তুগালের লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরে উপকূলীয় শহর কাশকাইশে ঘরোয়া এক সিভিল অনুষ্ঠানে বিয়ে সারেন তারকা এই জুটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তান ও মাত্র চারজন সাক্ষী। বিয়ের খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে বিয়ের আংটি পরা হাত জড়ানো একটি ছবি পোস্ট করেন রোনালদো। 

স্পেনের সংবাদমাধ্যম ও পর্তুগিজ পত্রিকা ‘জার্নাল দ্য নোতিসিয়াস’-এর হাতে আসা বিয়ের নথি অনুযায়ী, অনুষ্ঠানের একদিন আগে লিসবনের এক নোটারি কার্যালয়ে ‘সম্পত্তি পৃথকীকরণ’ চুক্তিতে সই করেন এই জুটি। পর্তুগিজ আইনে এই ধরনের চুক্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না, তাই বিয়ের আগেই আলাদা করে সই করতে হয়েছে তাদের। এর ফলে বিয়ের আগে ও পরে অর্জিত সম্পদ, আয় ও বিনিয়োগে দু’জনেরই থাকবে পূর্ণ ও পৃথক নিয়ন্ত্রণ।

পর্তুগিজ ম্যাগাজিন ‘টিভি গুইয়া’র বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্ক ভেঙে গেলে জর্জিনা পাবেন মাদ্রিদের অভিজাত এলাকা লা ফিনকার বিলাসবহুল বাড়ির মালিকানা। যার মূল্য ৫০ লাখ ডলারের বেশি। এর পাশাপাশি সারাজীবনের জন্য মাসিক প্রায় এক লাখ ইউরো (প্রায় ৮৬ হাজার পাউন্ড) ভাতা পাওয়ার শর্তও রয়েছে চুক্তিতে। উল্লেখযোগ্য বিষয়, এই আর্থিক ব্যবস্থা তাদের বিবাহিত থাকা বা না-থাকার ওপর নির্ভরশীল নয়- কারণ রোনালদোর পাঁচ সন্তানেরই আইনগত মা হিসেবে স্বীকৃত জর্জিনা। রোনালদো জুনিয়র (২০১০ সালে সারোগেসির মাধ্যমে জন্ম), যমজ সন্তান ইভা ও মাতেও (২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম) এবং জর্জিনার নিজের গর্ভে জন্ম নেয়া দুই মেয়ে আলানা ও বেলা- এই পাঁচজনই তাদের সন্তান

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে রোনালদোর আয় প্রায় ২৭৫ মিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের আসনে রেখেছে। মূলত সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি ও বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে এই বিপুল আয়ের সিংহভাগ আসে তার। বিভিন্ন প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ ধরা হয়েছে ১০০ কোটি ডলারের বেশি। তবে বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি রোনালদো বা জর্জিনা কেউই। ইন্সট্রাগ্রামে একটি বিবৃতি ছাড়া বিয়ের বিস্তারিত নিয়ে নীরব এই তারকা দম্পতি। ফলে চুক্তির শর্তাবলি সংক্রান্ত এসব তথ্যের কোনোটিই তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

Walton
Walton