Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১০ ১৪৩৩, রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ

প্রকাশিত: ২৩:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৮০

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) কার্যালয় থেকে ২৮০ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালানো শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন; এমন খবর পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে।

তিনি বলেন, তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে তারা সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন বলে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি যাচাই-বাছাই করার স্বার্থে আমরা তাদের থানায় নিয়ে যাচ্ছি। যাচাই-বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের নামে মামলা হবে বা আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে অন্য যে প্রক্রিয়া আছে; সে প্রক্রিয়া নেওয়া হবে।

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে, জানতে চাইলে ডিসি বলেন, অভিযানকালে সেখান থেকে অনেককে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে না, তাদের ছেড়ে দেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের সেখানে জড়ো হওয়ার কোনো অনুমতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। ঘটনাটি পল্টন থানার আওতাধীন হওয়ায় তদন্তের সুবিধার্থে প্রয়োজন হলে তাদের আশপাশের কোনো থানায় রাখা হতে পারে।
 

Walton
Walton