Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১০ ১৪৩৩, বুধবার ২৬ আগস্ট ২০২৬

‘বিপুল ব্যয়ে ‘ব্রাজিল’ ম্যাচের পক্ষে নেই সরকার’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ২৫ আগস্ট ২০২৬

প্রিন্ট:

‘বিপুল ব্যয়ে ‘ব্রাজিল’ ম্যাচের পক্ষে নেই সরকার’

ছবি: সংগৃহীত

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি আয়োজনের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আলোচনাও করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদল। তবে ম্যাচ আয়োজনের জন্য ব্রাজিলের পক্ষ থেকে কী কী শর্ত দেওয়া হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বাফুফে।

ধারণা করা হচ্ছে, ব্রাজিলকে ঢাকায় এনে ম্যাচ আয়োজন করতে বাফুফেকে বিপুল অর্থ ব্যয় করতে হবে। আর অতিরিক্ত অর্থ খরচ করে এই ম্যাচ আয়োজনের পক্ষে নয় সরকার। গতকাল বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেললেই দেশের ফুটবল অনেক এগিয়ে যাবে না। তাছাড়া এই মুহূর্তে সরকার বিপুল অর্থ ব্যয় করে এই ম্যাচ আয়োজনের মানসিকতায় নেই।’

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নিজেও ব্রাজিলের সমর্থক। তাই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের বড় একটি অংশজুড়েই ছিল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এক কথায় উত্তর দিলে, এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এ ধরনের অর্থ ব্যয় করে ম্যাচ আয়োজনের পক্ষে নই। আপনারা জানেন, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন সেক্টরে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে। সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।’ তবে স্পনসরদের মাধ্যমে অর্থের সংস্থান করা গেলে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আমিনুল বলেন, ‘বাফুফের সঙ্গে যেহেতু কথা হয়েছে (ব্রাজিল প্রতিনিধিদলের), তারা যদি বিভিন্ন স্পনসর এনে এটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।’ ​

Walton
Walton